১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফের খুলেছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট আবারও ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে।

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2024, 07:57 PM

Updated : 26 Aug 2026, 10:28 AM

হ্রদের পানি বেড়ে বিপৎসীমায় পৌঁছানোয় রাঙামাটির কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট আবারও ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে জলকপাট খুলে দেওয়া হয়েছে বলে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের জানান।

২৫ অগাস্ট থেকে ১৫ দিন খোলা রাখার পর ৯ সেপ্টেম্বর সকাল ১০টায় বাঁধের ১৬টি জলকপাট বন্ধ করে দেওয়া হয়। কয়েকদিনের ক্রমাগত বৃষ্টিতে উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানি বাড়ায় ফের শনিবার সন্ধ্যায় জলকপাট খুলে দেওয়া হয়েছে।

প্রতি সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ হতে কর্ণফুলী নদীতে নির্গত হচ্ছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির স্তর ছিল ১০৮.৫৫ এমএসএল।

কাপ্তাই হ্রদের পানি কমাতে এবার জলকপাট খোলা হলো ৪ ফুট

প্রকৌশলী আব্দুজ্জাহের বলেন, “পানি বাড়তে থাকলে গেইট খোলার পরিমাণ আরো বাড়ানো হবে। ২৫ অগাস্ট গেট খোলার সময় ছয় ইঞ্চি করে খোলা হলেও পরে তা পর্যায়ক্রমে পাঁচ ফুট পর্যন্ত খোলা হয়। পানি বিপৎসীমার নীচে নামার পর ৯ সেপ্টেম্বর বন্ধ করা হয় গেটগুলো।

“গতকাল থেকে বৃষ্টির কারণে আবার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার কাছাকাছি পৌঁছে গেছে। তাই আবার খুলে দেওয়া হলো ১৬টি জলকপাট।”