১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

হামের উপসর্গ নিয়ে আরো ১ মৃত্যু, মোট প্রাণহানি ৭৮০

গেল ২৪ ঘণ্টায় আরো ১৪০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

হামের উপসর্গ নিয়ে আরো ১ মৃত্যু, মোট প্রাণহানি ৭৮০
ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2026, 06:35 PM

Updated : 11 Sep 2026, 03:40 PM

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। 

সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও ভাইরাসজনিত এই রোগের উপসর্গ নিয়ে ৭৮০ জনের মৃত্যু হল।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আরো ১৪০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। 

বুলেটিনের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সারাদেশে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৫ জনের। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ৬৮৫ জন প্রাণ হারিয়েছে।

হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ২৯৮ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ৯৪ জন। এছাড়া রাজশাহীতে ৮৯, চট্টগ্রামে ৫৫, বরিশালে ৪৩, ময়মনসিংহে ৬৬, খুলনায় ৩১ ও রংপুর বিভাগে ৯ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় আরো ৮৭৩ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ৭৮১ জন।

ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২৬৯ জন। এরপ সবচেয়ে বেশি ভর্তি হয়েছে চট্টগ্রামে, ২১০ জন। এছাড়া বরিশালে ১১০, সিলেটে ৬৬, ময়মনসিংহে ৪৩, খুলনায় ৩৮, রাজশাহীতে ৩১ ও রংপুরে ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ৯৮ হাজার ৬০০। যার মধ্যে ৯৫ হাজার ৩১ জন হাসপাতাল ছেড়েছে।

আর দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১৬ হাজার ১১। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৪ হাজার ২৪৪।