Published : 16 Jul 2026, 08:46 PM
আট ঘণ্টা চেষ্টার পর শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের এক ডুবুরির মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, “এইমাত্র ঘটনাস্থলের অদূরে কেরোসিন ঘাট এলাকা থেকে ডুবুরি সাদিকের মরদেহটি উদ্ধার করা হয়েছে।”
এর আগে বেলা ১১টার দিকে নগরীর নিতাইগঞ্জের ফায়ার ঘাট এলাকায় নিজেদের পন্টুনের সামনে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে স্পিডবোট থেকে পড়ে নিখোঁজ হন সাদিক।
২৬ বছরের এই যুবক ছিলেন নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের একজন প্রশিক্ষিত ডুবুরি। পানিতে ডুবে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারই ছিল তার কাজ। গত মাসে সিদ্ধিরগঞ্জের লেকে গোসলে নেমে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধারের কাজেও ছিলেন সাদিক।
তার বাড়ি রাজবাড়ি জেলার গোয়ালনন্দ বাজারের কুমরাকান্দি গ্রামে।
এ গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে সাদিক গত বছর ‘সেরা ডুবুরি’ হিসেবে ফায়ার সার্ভিস পদক পেয়েছিলেন বলেও জানান তার সহকর্মীরা।
আব্দুল্লাহ আল আরেফিন বলেন, নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের জেটির সামনে কচুরিপানা জমে থাকে। এসব কচুরিপানা পরিষ্কারে কাজ করছিলেন সাদিকসহ তিনজন। স্পিডবোটের সামনের দিকে থাকা ডুবুরি সাদিক ঢেউয়ের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যান।
“সঙ্গে থাকা অপর দুই সদস্যের বর্ণনা অনুযায়ী, সাদিক পড়ার সময় মাথায় আঘাত পেয়েছিলেন বলে ধারণা করছি। কেননা, তিনি প্রশিক্ষিত ডুবুরি, কোনো আঘাত না পেলে তিনি এভাবে নিখোঁজ হতেন না।”
নিখোঁজ সহকর্মীকে খুঁজতে ফায়ার সার্ভিস ছাড়াও কোস্ট গার্ডের সদস্যরাও শীতলক্ষ্যা নদীতে উদ্ধার তৎপরতা চালান।