ফেনীতে ‘পুলিশের সঙ্গে সমঝোতায়’ দুইশ গজে বিএনপির গণমিছিল
পরে সমাবেশে কঠিন ও কঠোর আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলে হুঁশিয়ারি দেন জয়নাল আবেদীন।
ফেনীতে ‘পুলিশের সঙ্গে সমঝোতায়’ দুইশ গজে সীমাবদ্ধ ছিল বিএনপির গণমিছিল কর্মসূচি।
শনিবার বেলা সোয়া ৩টার দিকে ফেনী শহরের বড় মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়। যদিও মাত্র ২০০ গজ এগিয়ে পুলিশের মানবপ্রাচীর দেখে মিছিলটি বড় বাজার হয়ে ইসলামপুর সড়কে তাদের অস্থায়ী কার্যালয়ে সমাবেশে মিলিত হয়।
সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে শনিবার সারা দেশে (রাজধানী বাদে) বিএনপি গণমিছিল কর্মসূচি পালন করছে।
ফেনীতে দলটির গণমিছিল শেষে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ভিপি।
তিনি বলেন, “ইতোমধ্যেই আওয়ামী লীগ সরকারের পতন ধ্বনি শোনা যাচ্ছে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকার পতন হবে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে, গণতন্ত্র রক্ষার আন্দোলনে দেশের আপামর জনগণ সামিল হচ্ছে। শিগগিরই গণআন্দোলনে এই সরকার তাদের গদি ছেড়ে পালাবে।”
আগামীতে কঠিন ও কঠোর আন্দোলনের মাধ্যমে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
গণমিছিল ও সমাবেশে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন মজুমদার, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম-আহ্বায়ক এয়াকুব নবী, গাজী হাবিুল্লাহ মানিক, আনোয়ার পাটোয়ারী, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা ছিলেন।
এদিকে গণমিছিল মাত্র দুইশ গজে সীমাবদ্ধ থাকার বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, “শতশত পুলিশ সড়কের উপর দাঁড়িয়ে ছিল। তাদের বাধার কারণে গণমিছিল সামনে এগুতে না পেরে বাজারে ঢুকে যায়। পুলিশের সঙ্গে হিচিং করলে কিছু মামলার আসামি হতে হবে। সেজন্য মিছিল সংক্ষিপ্ত করা হয়েছে।”
