হবিগঞ্জে শেষ হলো শিশু সাংবাদিকদের দুই দিনের কর্মশালা
এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন শিক্ষার্থী অংশ নেয়।
হবিগঞ্জে শিশু সাংবাদিকদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শেষ হয়েছে।
রোববার বিকাল ৪টায় হবিগঞ্জ প্রেস ক্লাব মিলনায়াতনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।
ইউনিসেফ-এর সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন শিক্ষার্থী অংশ নেয়।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন আরফিন নাহার।
সমাপনী অনুষ্ঠানে ডিসি ইশরাত জাহান বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। তারাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। শিশুদের মেধা-মননশীলতা ও সৃজনশীলতা রক্ষায় প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।
“লেখা পড়ার পাশাপাশি শিশুদের জ্ঞান-বিজ্ঞানে এগিয়ে যেতে হবে। সমাজে শিশুদের অধিকার লেখনির মাধ্যমে তুলে আনতে হবে। যেন শিশুরা তাদের অধিকার সম্পর্কে জানতে পারে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি রাসেল চৌধুরীর সভাপতিত্বে এবং সাংবাদিক শাকিল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার, অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান।
