২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতগামী যাত্রীর পায়ুপথে মিলল ৬ সোনার বার

চুয়াডাঙ্গার দর্শনায় জব্দ করা সোনার বারের ওজন ৭০০ গ্রাম; যার আনুমানিক বাজার মূল্য ৬৪ লাখ টাকা বলে জানায় বিজিবি।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2023, 12:06 AM

Updated : 12 Oct 2023, 12:06 AM

চুয়াডাঙ্গার দর্শনা দিয়ে ভারতে যাওয়ার চেষ্টার সময় ছয়টি সোনার বারসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। সোনার বারগুলো যাত্রীর পায়ুপথ থেকে উদ্ধারের কথা জানায় বিজিবি।

বুধবার দুপুরে জয়নগর চেকপোস্ট এলাকা থেকে পাসপোর্টধারী ওই যাত্রীকে আটক করা হয় বলে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান।

আটক মো. সোহাগ (২৩) শরিয়তপুরের জাজিরা থানার মেহেরপুর আলী মাতব্বরকান্দি গ্রামের গোলাম মাওলা মাতব্বরের ছেলে।

সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, দুপুরের দিকে সোহাগ ভারত যাওয়ার চেষ্টা করেন। গতিবিধি সন্দেহজনক হলে বিজিবি সদস্যরা তাকে আটক প্রথমে ব্যাগ তল্লাশি করেন।

ব্যাগে কোনো কিছু পাওয়া না গেলে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে এক্সরে করে পায়ুপথে কিছু বস্তুর অস্তিত্ব পাওয়া যায়। পরে তার পায়ুপথ থেকে ছয়টি সোনার বার বের করা হয়।

জব্দ করা সোনার বারের ওজন ৭০০ গ্রাম; যার আনুমানিক মূল্য ৬৪ লাখ টাকা। এ ছাড়া সোহাগের কাছ থেকে ভারতীয় ৮২৪ রুপি, চার হাজার ৮০০ টাকা ও একটি আইফোন জব্দ করেছে বিজিবি।

এ ঘটনায় বিজিবির নায়েব সুবেদার আব্দুল জলিল বাদী হয়ে আটকের বিরুদ্ধে মামলা দিয়ে দর্শনা থানায় সোপর্দ করে বলে বিজ্ঞপ্তিতে জানায় বিজিবি।