২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সময়ের আগে পেঁয়াজ তুলছেন রাজবাড়ীর চাষিরা, দামে খুশি

রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জানান, আগাম পেঁয়াজ উত্তোলনের জন‍্য পরামর্শ দিচ্ছি কারণ এতে কৃষক লাভবান হবে এবং বাজারে দাম স্থিতিশীল থাকবে।

শামিম রেজা, ‍রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2023, 09:23 AM

Updated : 21 Dec 2023, 09:23 AM

অক্টোবরে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে শীতকালীন মুড়িকাটা পেঁয়াজ আবাদ শুরু করতে কিছুটা পিছিয়ে গেছেন রাজবাড়ীর চাষিরা। ফলে মেলেনি আশানুরূপ ফসল।

কিন্তু বাড়তি লাভের আশায় পরিপক্ব হওয়ার ২০ দিন আগেই পেঁয়াজ তুলে বিক্রি করছেন তারা এবং বাজারে সেই পেঁয়াজের ভালো দাম পাওয়ায় খুশি কৃষক।

রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এবার জেলার আগাম মুড়িকাটা পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ছিল পাঁচ হাজার হেক্টর জমিতে। সেখানে আবাদ হয়েছে সাড়ে পাঁচ হাজার। লক্ষ্যমাত্রার থেকে পাঁচশ হেক্টর বেশি।

বুধবার সদর উপজেলায় সরেজমিনে ঘুরে দেখা যায়, মাঠে মাঠে চাষিরা জমি থেকে পেঁয়াজ তোলায় ব্যস্ত সময় পার করছেন। একদিকে পেঁয়াজ তুলে রাখছেন চাষিরা অন‍্যদিকে ওই পেঁয়াজ কাটতে ও শুকাতে ব্যস্ত কৃষানিরা।

কৃষানিদের পাশাপাশি গ্রামের অনেক নারীরা তাদের সংসারের কাজের ফাঁকে ফাঁকে ৫০ টাকা মণ দরে পেঁয়াজের মুড়ি কেটে দিচ্ছেন।

এরপর কৃষকেরা ওই পেঁয়াজ ঝুড়িতে করে বস্তায় ভরে বাড়ি অথবা বাজারে নিয়ে যাচ্ছেন। অনেক কৃষক আবার ক্ষেত থেকেই পেঁয়াজ বিক্রি করে দিচ্ছেন।

চাষিরা বলছেন, অন‍্য বছরের তুলনায় এ বছর মুড়িকাটা পেঁয়াজের আশানুরূপ ফলন হয়নি। বিঘা প্রতি উৎপাদন কমেছে ১৫ থেকে ২০ মণ করে।

অথাৎ প্রতি বিঘায় পেঁয়াজ উৎপাদন হচ্ছে ৫০ থেকে ৬০ মণ। গত বছর বিঘা প্রতি উৎপাদন হয়েছিল ৭০ থেকে ৮০ মণ করে।

উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বিল নুরউদ্দিন পাড়ার বাসিন্দা রুবেল ব‍্যাপারি বলেন, “ইবার আমি চার বিগা জমিতি মুড়িকাটা পিজির আবাদ করিছি। বিগায় সব মিলে খরচ হয়ছে ৫০ থেকে ৬০ হাজার টাকা।

“আমার পিজটা আগুড় ছিল। বৃষ্টির অগে লাগাইছিলাম। যারা বৃষ্টির পরে লাগায়ছে তারে পিজ নাবি হয়ছে। ইবার পিজি ফলন কম। আরবছর বিগেয় ৭০-৮০ মণ করে পিজ পাইছিলাম। ইবার পাচ্চি ৫০-৬০মণ করে।”

পেঁয়াজের ভালো দাম পাওয়ার বিষয়ে তিনি বলেন, “ফলন কম পালিও আমরা খুশি। খুশি এজন্নি বাজারে পিজির দাম ভালো আছে। বাজারে প্রতি মণ পিজ বিক্রি হচ্চে চার হাজার টাকা করে। এই দাম থাকলি লাভই হবিনি।”

রুবেল ব‍্যাপারি আরও বলেন, “বাজারে পিজির দাম থাকার জন্নি অনেকেই কাঁচা (অপরিপক্ক) পিজ তুলে বিক্রি করছে। পিজ পাঁকতি (পরিপক্ক) হতি আরও ধরেন ২০ দিন বা ১ মাস সময় লাগবে।

“কিন্তু দাম থাহার জন্নি কাঁচা পিজই তুলে ফেলা হচ্ছে। সরকারের কাছে একটাই দাবি আগামী একমাস যেন ভারতের পিজ দ‍্যাশে না আনে। যদি ভারতের পিজ দ‍্যাশে আনে কৃষক ধরা খাবি। “

ওই এলাকার আরেক কৃষক আবুল শেখ বলেন, “পিয়েজ এবার আমরা লাগাইছি কারও হচ্ছে ৩০ মণ, কারও ৪০ মণ, হঠাৎ দুই একজনের ৬০ মণ জম্মাতেছে।

“যাদের ৬০ মণ করে হচ্চে তাদের কিছুটা লাভ থাকতেছে। আর যাদের ৩০ মণ করে হচ্চে তাদের চালানই উঠতেছে না।”

তিনি আরও বলেন, “একন যে দাম আছে যার বেশি ফলন সে কিছু দাম পাবি, আর যার কম ফলন সে লাভ পাবি না। কাঁচা পিয়েজ টানে উঠোচ্ছে দামের কারণে। আর প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবদার এইটুকুই- আগামী একমাস পিয়েজের দাম যেন এই রকমই থাকে।”

চাষি আহম্মদ আলী বলেন, “ইবার ফলন কম হচ্চে। বৃষ্টিটা লাষ্টে হলো এই বৃষ্টিটা আগে হলি ফলন ভালো হত। ইবার সারের ও জনের দাম বেশি। ধরেন এক বস্তা সার ছিল দুই হাজার টাকা সেটার দাম হয়ছে দুই হাজার পাঁচশ টাকা, যেটার দাম ছিল এক হাজার টাকা সেটার দাম হয়ছে এক হাজার পাঁচশ টাকা।”

তিনি আরও বলেন, “প্রত‍্যেক বছরেই পিজির সময় ভারতেরতে পিজ আমদানি করে, এতে আমাদের লস যায়। প্রধানমন্ত্রীর কাছে দাবি মাসখানেক যেন ভারতের পিজ না আনে। “

ওই এলাকার গৃহিণী আলেয়া বেগম। তিনি সংসারের পাশাপাশি মাঠে আগাম পেঁয়াজের মুড়ি কাটার কাজ করেন। এতে তার কিছু বাড়তি আয় হয়।

মাঠে মুড়ি কাটার সময় তার সঙ্গে কথা হলে তিনি বলেন, “সংসারের কাজ করে মাঠে এসে পিজ কাটি। এক মণ পিজ কাটলি ৫০ টাকা দেয়। সারা দিনি ৫ মণ পিজ কাটতি পারি। এতে বাড়তি কিছু টাকা ইনকাম হচ্ছে। আমার মত অনেকেই আছে যারা পিজ কাটছে। “

এ বিষয়ে রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলায় এ বছর সাড়ে পাঁচ হাজার হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজের আবাদ হয়েছে। যেখান থেকে উৎপাদন হবে ৯০ হাজার টন। যার বাজার মূল‍্য ৯৫ কোটি টাকা।

তিনি আরও বলেন, মুড়িকাটা পেঁয়াজ চাষে কৃষক লাভবান হচ্ছে। যেহেতু মুড়িকাটা পেঁয়াজ সংরক্ষণ করা যাবে না। সে কারণে ফলন কম হবে এমনটা ভাবার কোনো কারণ নেই।

উপ-পরিচালক আবুল কালাম বলেন, “বাজারে ভালো দাম থাকায় আগাম পেঁয়াজ উত্তোলনের জন‍্য পরামর্শ দিচ্ছি। কারণ হলো এতে এক দিকে কৃষক লাভবান হবে অন‍্যদিকে বাজারে পেঁয়াজের দাম স্থিতিশীল হবে।”