কারাবন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে গ্রেপ্তার ‘জঙ্গি সদস্য’
স্বামী-স্ত্রী দুই জনেই ‘ইমাম মাহমুদের কাফেলা’ নামে জঙ্গি সংগঠনের সদস্য বলে দাবি পুলিশের।
জঙ্গিদের সঙ্গে সংশ্লিষ্টতার মামলায় বন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ফটকে গ্রেপ্তার হলেন একই মামলার পলাতক আসামি।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান জানান।
গ্রেপ্তার মাহতাব ইসলাম (৩২) পাবনা জেলার আতাইকুলা থানার কইজুরি শ্রীপুর গ্রামের বাসিন্দা।
স্বামী-স্ত্রী দু’জনেই ‘ইমাম মাহমুদের কাফেলা’ নামে জঙ্গি সংগঠনের সদস্য বলে দাবি পুলিশের।
উপ-পুলিশ কমিশনার আবু তোরাব বলেন, “শাপলা খাতুন (২৬) ও তার স্বামী মাহতাব জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আছে। এ অভিযোগে তাদের দুজনের নামেই ডিএমপির মিরপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা আছে। মাহতাবের স্ত্রী গ্রেপ্তার হয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দী আছেন। গ্রেপ্তার হওয়ার পর স্ত্রী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। কিন্তু মাহতাব দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।“
পুলিশের উপ-কমিশনার আবু তোরাব আরও বলেন, “বৃহস্পতিবার কারাবন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে যান মাহতাব। এ সময় মূল ফটক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।”
পুলিশ কর্মকর্তা আবু তোরাব আরও বলেন, “আমরা তাকে (মাহতাব) থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করি। পরে ডিএমপি পুলিশে হস্তান্তর করা হয়।”
