২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

টাইমস স্কয়ারে টানা দ্বিতীয়বারের মতো দুর্গাপূজা ১০ ও ১১ অক্টোবর

উৎসবের প্রস্তুতি তুলে ধরে নিউ ইয়র্কে সংবাদ সম্মেলন করে আয়োজক কমিটি।

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Sep 2026, 06:43 PM

Updated : 28 Sep 2026, 06:43 PM

নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে মহালয়া ও দুর্গোৎসব।

আসছে ১০ ও ১১ অক্টোবর দুই দিনব্যাপী এ উৎসবে চণ্ডীপাঠ, শিশু-কিশোরদের গীতাপাঠ, পূজা-অর্চনা, অঞ্জলি, ধুনুচি নাচ এবং বাংলাদেশ ও ভারতের শিল্পীদের অংশগ্রহণে নানা সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে।

উৎসবের প্রস্তুতি ও কর্মসূচি তুলে ধরে রোববার নিউ ইয়র্কে সংবাদ সম্মেলন করে আয়োজক কমিটি।

এতে বক্তব্য দেন ‘কালচারাল অ্যাসোসিয়েশন অব বেঙ্গল’ (সিএবি)-এর প্রেসিডেন্ট অশোক রক্ষিত, নিউ ইয়র্ক বাংলাদেশ হিন্দু কমিউনিটির নেতা নবেন্দু দত্ত, সংগঠনের সভাপতি শশধর হাওলাদার, সাধারণ সম্পাদক নিরুপমা সাহা, বেদান্ত সোসাইটির প্রেসিডেন্ট রিনা সাহা, আড্ডা অ্যাকাডেমির প্রধান পরিচালক আলপনা গুহ, সংগীত সাধনা অ্যাকাডেমির প্রধান পরিচালক মালবিকা চ্যাটার্জি, নৃত্যাঞ্জলি অ্যাকাডেমির প্রধান পরিচালক চন্দ্রা ব্যানার্জী এবং পূজার পুরোহিত প্রবাস চক্রবর্তী।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির কর্মকর্তা অনুপম দত্ত, রোহান রাওয়াত ও সোমা মুখার্জি।

আয়োজকদের অন্যতম নবেন্দু দত্ত বলেন, “নব্বই দশকের শুরুতে নিউ ইয়র্কে বাংলাদেশি হিন্দুদের উদ্যোগে দুর্গাপূজা শুরু হয়। প্রাথমিক অবস্থায় সবাই পশ্চিমবঙ্গের বাঙালিদের পূজায় অংশ নিতেন। তবে বিশ্বখ্যাত টাইমস স্কয়ারে এ উৎসব আয়োজনের পর থেকে এটি এখন বিশ্বের সব প্রান্তের বাঙালির মিলনমেলায় পরিণত হয়েছে।”

তিনি জানান, উৎসবের প্রথম দিন মহালয়া উপলক্ষ্যে প্রবাসে বেড়ে ওঠা শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে বিশেষ গীতাপাঠ, পরিচালনা করবেন সুতিপা চৌধুরী। মালবিকা চ্যাটার্জির পরিচালনায় সংগীত সাধনা একাডেমি পরিবেশন করবে উদ্বোধনী সংগীত।

সাংস্কৃতিক পর্বে থাকবে চন্দ্রা ব্যানার্জীর পরিচালনায় ‘নৃত্যাঞ্জলি’র ৬০ জনেরও বেশি শিল্পীর নৃত্য, পাশাপাশি অংশ নেবে বাফা ও আড্ডা অ্যাকাডেমির শিল্পীরা। সংগীত পরিবেশন করবেন বাংলাদেশ ও নিউ ইয়র্কের শিল্পী শাহ মাহবুব এবং পশ্চিমবঙ্গের শিল্পী মেঘলা দাশগুপ্ত।

দ্বিতীয় দিন সকালে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। দুপুরে ভক্তদের অঞ্জলি দেওয়া অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিনের আকর্ষণ হিসেবে থাকছে নৃত্যাঞ্জলির শিল্পীদের পরিবেশনায় ঐতিহ্যবাহী ধুনুচি নাচ। এ দিন কনসার্টে অংশ নেবেন পশ্চিমবঙ্গের শিল্পী দিয়াসিনী রায়, জোজো মুখার্জি ও তার ব্যান্ড এবং অতিথি শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়।