প্লুটোর বরফঢাকা পাহাড়ের ছবি কেন আবারও আলোচনায়?
নয় বছর ও প্রায় ৪৮০ কোটি কিলোমিটার পথ পাড়ি দিয়ে তোলা ছবিতে দেখা যায় বরফের তৈরি ৩ হাজার ৫০০ মিটার উঁচু পাহাড়।
সৌরজগতের প্রান্তে থাকা বামন গ্রহ প্লুটোর বরফঢাকা পাহাড়ের ছবি আবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যায়, পৃথিবীর পাহাড়ি অঞ্চলের মতোই উঁচু-নিচু শৃঙ্গ, বিস্তৃত বরফের সমভূমি আর দূর দিগন্তজুড়ে ছড়িয়ে থাকা রহস্যময় ভূপ্রকৃতি।
ছবিটি নতুন নয়। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার পাঠানো মহাকাশযান ‘নিউ হরাইজনস’ প্লুটোর পাশ দিয়ে উড়ে যাওয়ার সময় ছবিটি ধারণ করেছিল।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ইউনিল্যাড টেক বলছে, চলতি বছর মার্চ মাসে রেডিটে এই ছবিগুলো ফের শেয়ার হতে শুরু করেছে।
ছবিটির বিশেষত্ব শুধু এর সৌন্দর্যে নয়, বরং প্লুটোর ভূপ্রকৃতি সম্পর্কে মানুষের ধারণা বদলে দেওয়ার ক্ষমতায়ও। পৃথিবী থেকে প্রায় ৫০০ কোটি কিলোমিটার দূরের এই বামন গ্রহকে আগে দূর থেকে দেখা অস্পষ্ট একটি আলোকবিন্দু হিসেবেই চেনা যেত। নিউ হরাইজনসের পাঠানো ছবি সেই ধারণা পাল্টে দেয়।
নাসার তথ্য অনুযায়ী, প্লুটোর বিষুবীয় অঞ্চলের কাছে থাকা পাহাড়গুলোর উচ্চতা প্রায় ৩ হাজার ৫০০ মিটার বা ১১ হাজার ফুট। এগুলোর মধ্যে রয়েছে নরগে মন্টেস ও হিলারি মন্টেস। প্রথমটির নাম রাখা হয়েছে এভারেস্টজয়ী শেরপা তেনজিং নরগের নামে, আর দ্বিতীয়টির নাম এভারেস্টের চূড়ায় প্রথম পা রাখা পর্বতারোহী এডমন্ড হিলারির নামে। হিলারির সঙ্গেই ১৯৫৩ সালে এভারেস্টে উঠেছিলেন তেনজিং নরগে।
পাথর নয়, বরফের পাহাড়
পৃথিবীর পাহাড়ের সঙ্গে প্লুটোর পাহাড়ের বড় পার্থক্য হলো, এগুলো মূলত পানির বরফ দিয়ে তৈরি বলে মনে করছেন বিজ্ঞানীরা। প্লুটোর পৃষ্ঠের বড় অংশ মিথেন ও নাইট্রোজেনের বরফে ঢাকা। কিন্তু এসব উপাদান দিয়ে এত উঁচু ও খাড়া পাহাড় তৈরি সম্ভব নয়। তাই বিজ্ঞানীদের ধারণা, পাহাড়গুলোর মূল কাঠামো তৈরি হয়েছে পানির বরফ দিয়ে।
প্লুটোর তাপমাত্রা অত্যন্ত কম হওয়ায় সেখানে পানির বরফ পৃথিবীর মতো আচরণ করে না। বরং তা অনেকটা পাথরের মতো শক্ত হয়ে থাকে। ফলে এই বরফ দিয়েই পাহাড়ের মতো উঁচু ভূপ্রকৃতি তৈরি হওয়া সম্ভব। নাসার নিউ হরাইজনস অভিযানের বিজ্ঞানীরাও এমন ব্যাখ্যাই দিয়েছেন।
ছবিটি ধারণের সময় নিউ হরাইজনস প্লুটোর পৃষ্ঠ থেকে প্রায় ৭৭ হাজার কিলোমিটার দূরে ছিল। বামন গ্রহটির সবচেয়ে কাছাকাছি পৌঁছানোর প্রায় দেড় ঘণ্টা আগে ছবিটি তোলে মহাকাশযানটি। এতে এক মাইলের চেয়েও ছোট ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য শনাক্ত করা সম্ভব হয়েছে।
পাহাড়গুলোর বয়স নিয়েও বিজ্ঞানীদের আগ্রহ রয়েছে। নাসার বিজ্ঞানীদের প্রাথমিক হিসাব অনুযায়ী, এগুলো ১০ কোটি বছরের বেশি পুরোনো নয়। সৌরজগতের বয়স প্রায় ৪৫৬ কোটি বছর বিবেচনায় নিলে এই পাহাড়গুলো বেশ নবীন। ছবিতে ওই অঞ্চলে বড় ধরনের আঘাতের ফলে তৈরি গর্তের অভাবও বিজ্ঞানীদের এমন ধারণার পক্ষে প্রমাণ জুগিয়েছে।
এমনকি অঞ্চলটি এখনো ভূতাত্ত্বিকভাবে সক্রিয় থাকতে পারে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। অর্থাৎ, প্লুটোর পৃষ্ঠে এখনো কোনো না কোনো প্রক্রিয়ায় পরিবর্তন ঘটছে।
নয় বছরের মহাকাশযাত্রায় বদলে যায় প্লুটো সম্পর্কে ধারণা
২০০৬ সালের জানুয়ারিতে যাত্রা শুরু করে নিউ হরাইজনস। প্রায় নয় বছর পর, ২০১৫ সালের ১৪ জুলাই মহাকাশযানটি প্রথমবারের মতো প্লুটোর কাছ দিয়ে উড়ে যায়। এই অভিযানের মাধ্যমে বিজ্ঞানীরা প্রথমবারের মতো বামন গ্রহটির পৃষ্ঠ, পাহাড়, বরফের সমভূমি এবং পাতলা বায়ুমণ্ডল সম্পর্কে বিস্তারিত তথ্য পান।
প্লুটোর পাহাড়ের পাশাপাশি নিউ হরাইজনসের পাঠানো ছবিতে দেখা যায় হৃদয় আকৃতির একটি বিশাল উজ্জ্বল অঞ্চল, যার নাম স্পুটনিক প্লানিটিয়া। সেখানে বিস্তৃত বরফের সমভূমি এবং আশপাশে উঁচু পাহাড় রয়েছে। প্লুটোর বায়ুমণ্ডলেও একাধিক স্তরের কুয়াশার মতো আবরণের অস্তিত্ব দেখা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো ছবিটি নতুন করে ছড়িয়ে পড়লেও প্লুটো নিয়ে নতুন কোনো আবিষ্কারের ঘোষণা এর পেছনে নেই। বরং প্রায় এক দশক আগের সেই অভিযানের ছবিই আবার মানুষের কৌতূহল জাগিয়েছে।
পৃথিবী থেকে এত দূরের একটি জগতেও যে পাহাড়, সমভূমি, বরফের স্তর এবং ভূতাত্ত্বিক পরিবর্তনের মতো বৈশিষ্ট্য থাকতে পারে, নিউ হরাইজনসের ছবিগুলো তারই এক অসাধারণ উদাহরণ।
