১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনি বিতর্ক

যুক্তরাষ্ট্রের নির্বাচনি বিতর্কের আদলে প্রার্থীরা নিজেদের বক্তব্য তুলে ধরেন।

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Oct 2026, 01:32 AM

Updated : 14 Oct 2026, 01:33 AM

নিউ ইয়র্কে বসবাসরত প্রবাসীদের সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি’র আসন্ন নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি বিতর্কের আয়োজন করেছে ‘ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা।

প্রায় ৩৫ হাজার সদস্যের এই সংগঠনের ৫০ বছরের ইতিহাসে এটাই ‘প্রথম’ বিতর্কের আয়োজন এবং এর মধ্যদিয়ে মার্কিন রাজনীতির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ সোসাইটি তার পথচলায় গতি পাবে বলে আয়োজকরা মনে করছেন।

বুধবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় এ বিতর্ক অনুষ্ঠিত হয়, সঞ্চালনা করেন সাংবাদিক ও উপস্থাপক খালেদ মহিউদ্দিন।

‘আমরা ভবিষ্যতে একটি জনকল্যাণমূলক বাংলাদেশ সোসাইটি দেখতে চাই’ স্লোগানে আয়োজিত বিতর্কে বাংলাদেশ সোসাইটিকে আরও কার্যকর, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী সংগঠন হিসেবে গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বিতর্কে সভাপতি পদে দুই প্যানেলের প্রার্থী আতাউর রহমান সেলিম ও আজমল হোসেন কুনু, সাধারণ সম্পাদক পদে দুই প্যানেলের প্রার্থী মোহাম্মদ আলী ও ফিরোজ আহমেদ এবং স্বতন্ত্র প্রার্থী রাব্বি সৈয়দ অংশ নেন। যুক্তরাষ্ট্রের নির্বাচনি বিতর্কের আদলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রার্থীরা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, নেতৃত্বের দায়বদ্ধতা এবং কমিউনিটির প্রত্যাশা নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন।

বাংলাদেশ সোসাইটিকে আরও কার্যকর করার জন্য সাংগঠনিক উন্নয়ন, নতুন কর্মসূচি গ্রহণ, প্রবাসী বাংলাদেশিদের সম্মিলিত শক্তিকে জনকল্যাণে কাজে লাগানো এবং নতুন প্রজন্মকে সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত করার বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি ভোটার পদ্ধতির সংস্কার, আর্থিক স্বচ্ছতা, ব্যয়ের লাগাম টেনে ধরে সদস্যদের কল্যাণে বেশি অর্থ ব্যয়, প্রশাসনিক জবাবদিহিতা এবং অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক ‘ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড’-এর সভাপতি আব্দুস সুবহান এবং পরিচালক মাহবুবুর রহমান, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি এম আজিজ, প্রবীণ সাংবাদিক ফজলুর রহমান, ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের সভাপতি শাহ শহিদুল হক সাঈদ, বাংলাদেশ সোসাইটির সাবেক নির্বাচন কমিশনার নাসির খান পল, শাহজাহান শেখ, ফখরুল ইসলাম দেলোয়ার, তরিকুল হোসেন বাদল, কাজী আজম, মাকসুদ এইচ চৌধুরী, ফখরুল ইসলাম মাসুম ও জয় চৌধুরী।

আসছে ২৫ অক্টোবর বাংলাদেশ সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হবে নিউ ইয়র্ক সিটির বিভিন্ন স্থানে ৫টি কেন্দ্রে। ‘সেলিম-আলী’ এবং ‘কুনু-ফিরোজ’ নামে এতে সরাসরি দুটি প্যানেল অংশ নিচ্ছে। কেবল সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্রপ্রার্থী রাব্বি সৈয়দ রয়েছেন।