মন্ট্রিয়লের গালগল্প: বছর বিদায়ী রাত ও নববর্ষ
শরীরের সর্বাংশ ঢাকার পর এখন যতটুকু ফাঁকা আছে তা ঢাকতে গেলে কিছুতো দেখতেই পারব না, দম ছাড়ারও সুযোগ থাকবেনা। বাইরের তাপমাত্রা - ২৬ (মাইনাস ছাব্বিশ), অনুভূত হচ্ছে আরও কম। অর্থাৎ দেখানো তাপমাত্রায় যতোটুকু ঠাণ্ডা লাগার কথা, বাতাসের কারণে এই ঠাণ্ডা আরো ভয়াবহ রূপ নেয়।
এই ঠাণ্ডার মধ্যে প্রতিদিন বের হতে ইচ্ছে করেনা। কিন্তু উপায় নেই। আজ ৩১ ডিসেম্বর রাত। ডিসেম্বরের শেষদিকের রাতগুলো বছর বিদায়ী রাত। আজ এর সমাপনী। রাত ১২টায় আতশবাজি ও আলোকসজ্জার মাধ্যমে পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করাই এখানকার কৃষ্টি। বড়দিন, বছর বিদায়, নতুন বছরের আগমন এবং সরকারী ছুটি - সবমিলিয়ে ডিসেম্বরের শেষ দিনগুলোতে এখানে এক অন্যরকম উৎসবের আমেজ। ‘ব্ল্যাক ফ্রাইডে’, ‘বক্সিং ডে’ ইত্যাদি দিনগুলোতে কেনাবেচায় ছাড় থাকায় ক্রেতারা হুমড়ি খেয়ে পড়ে।
মন্ট্রিয়লের রাস্তা-ঘাট, দোকানপাট তখন ঢাকার রাস্তা থেকে আলাদা করার উপায় থাকেনা। পার্থক্য একটাই ঢাকার রাস্তা ধূলিময়, মন্ট্রিয়লের রাস্তা তুষার ও বরফময়।
আমাকেও প্রায় প্রতিদিনই বের হতে হচ্ছে। এই বছর মন্ট্রিয়লে নতুন এসেছি। সবকিছুর অভিজ্ঞতা নেয়ার একটা অদম্য কৌতুহল আমার মধ্যে রয়েছে। তাই ডিসেম্বরের ৩০ তারিখ রাতেও একই প্রস্তুতি নিয়ে বের হতে হয়েছে। দিলমুরাতের বাসায় দাওয়াত ছিল। দিলমুরাত আমাদেরই বিভাগের তৃতীয় বর্ষের পিএইচডির ছাত্র।
দিলমুরাত এখন কানাডার নাগরিক হলেও ও এসেছে চীনের উইঘার অঞ্চল থেকে। উইঘার মুসলমান অধ্যুষিত এলাকা। ও আমাদের বলে রেখেছিল - ওর স্ত্রী আমাদের জন্য উইঘারের কিছু প্রচলিত খাবার রান্না করবে। খেয়ে দেখি অনেকটা আমাদের বিরিয়ানির মত। খুবই সুস্বাদু। এর সাথে সুগন্ধিযুক্ত হরেকরকম চা। হাতল ছাড়া পেয়ালায় ওসব সুগন্ধিযুক্ত চা, হরেক রকম পিঠা, স্যুপ, বিরিয়ানি এবং মিষ্টান্ন খেতে খেতে নিজেকে মুঘল বাদশাহ মনে হচ্ছিল। অবশ্য মুঘল বাদশাহদের কেউ সুগন্ধিযুক্ত চা খেতেন কি না আমার জানা নেই। তবে আমাদের আড্ডায় বিশ্ব রাজনীতি ও নব্য সাম্রাজ্যবাদ নিয়ে যে ধরনের আলোচনা হচ্ছিল তাতে বাদশাহী একটা ভাব ছিল, তাতে কোন সন্দেহ নেই।
আজকে যেখানে যাচ্ছি সেখানে নবাবীর কোন সুযোগ নেই। আজ যাচ্ছি গাওমিং এর বাসায়। গাওমিং চীনা বংশোদ্ভূত ওলন্দাজ। ম্যাকগিলে ভাষাবিজ্ঞানে পিএইচডি করছে। ও বিশাল একটা বাসা নিয়ে একাই থাকে। আগে থেকেই আমাদের পরিকল্পনা ছিল। ৩১ ডিসেম্বর সন্ধ্যা থেকে ওর বাসায় রান্না করবো। খেয়ে দেয়ে সেইন্ট লরেন্সের পারে যাব বর্ষবরণ দেখতে।
তাই বাসা থেকে বের হওয়ার আগেই শীতের জন্য এই বিশাল প্রস্তুতি। গায়ের উপরিভাগে পাঁচ স্তর, নিম্নভাগে চার স্তর, হাতে ও পায়ে দুই জোড়া করে মোজা, গলায় মাফলার এবং মাথায় কানটুপি দিয়ে পুরো শরীর ঢাকার চেষ্টা করেছি। তবুও শেষ রক্ষা হলে হয়!
হলোও তাই। আমরা ১২ টা বাজার ২০ মিনিট আগেই সেইন্ট লরেন্সের দিকে হাঁটা শুরু করলাম। গল্প করতে করতে হাজার হাজার মানুষের ভিড় ঠেলে আলোক সজ্জা ও আতশবাজির কাছে ১২টা বাজার ১০ মিনিট আগেই পৌঁছালাম। কিন্তু পৌঁছানো মাত্রই বুঝলাম - এখানে ১০ মিনিটের বেশি থাকা যাবেনা। ঠাণ্ডা আস্তে আস্তে জেঁকে ধরছে। রং বেরঙের আলোকসজ্জা, হাজার হাজার মানুষ কোন কিছুই আর আমাদের আটকাতে পারবেনা। জামান ভাই এবং সাজ্জাদের সাথে যোগাযোগ করার কথা ছিল। ঠাণ্ডায় কখন যে ফোন বন্ধ হয়ে গেছে, বুঝতেই পারিনি।
আশপাশের অনেকে দেখি নাচছে। গাওমিং বললো ওরা আসলে নাচছে না, লাফিয়ে লাফিয়ে শরীর গরম করে নিচ্ছে।
এরমধ্যে গাওমিং প্রশ্ন করলো - তোমার নতুন বছরের প্রতিজ্ঞা কী?
তাই তো, আমার নতুন বছরের প্রতিজ্ঞা কী? এটাতো এখনো ভাবিনি। তাহলে কি আমার পুরো বছরটা এলোমেলো যাবে? কোনও পরিকল্পনাই তো করলাম না। প্রতিবছরই তো বিগত দিনের ভুল-ভ্রান্তি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে কিছু না কিছু ভাবি। এবারতো কিছুই ভাবিনি।
গাওমিংকে তাই কোন উত্তর না দিয়ে ওকেই পাল্টা জিজ্ঞেস করলাম - তোমার পরিকল্পনা বল? ও জানালো ও এখনো কিছু ভাবে নি।
আমি বললাম বেশ তো, আমিও এখনো কিছু ভাবিনি। তবে আপাতত প্রতিজ্ঞা হল এত ঠাণ্ডার মধ্যে কখনোই আর বর্ষবরণ দেখতে আসবো না।
সবাই একচোট হেসে নিলাম। তখন সোয়া ১২টা বেজে গেছে। আমরা সিদ্ধান্ত নিলাম - আর থাকা ঠিক হবে না। ঠাণ্ডা ছেড়ে ২০১৮ সালের প্রথম প্রহরে রওনা দিলাম উষ্ণতার সন্ধানে। কোনও এক উষ্ণ ঘরে। সে ঘর নিজের কিংবা অন্যের। ঠাণ্ডা থেকে বাঁচার জন্য এখন দরকার উষ্ণতা। ঘর, সে যারই হোক।
লেখক: পিএইচডি গবেষক, ফ্যাকাল্টি অব এডুকেশন, ম্যাকগিল বিশ্ববিদ্যালয়, মন্ট্রিয়ল, কানাডা
এই লেখকের আরও পড়ুন
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
