মন্ট্রিয়লের গালগল্প: এলিসের বাসায় ‘ক্রিসমাস ডিনার’
শা-শা করে একটার পর একটা মেট্রো আসছে আর যাচ্ছে। আমি বসে আছি ‘লিওনেল গ্রু’ মেট্রো স্টেশনে।
এটি একটি জংশনের মতো ‘গ্রিন লাইন’ এবং ‘অরেঞ্জ লাইন’ এসে এখানে মিশেছে। যাদের লাইন পরিবর্তন করার দরকার, তারা এখানে এসে পরিবর্তন করে।
অসংখ্য যাত্রী আসা-যাওয়া করছে। যারাই মেট্রো থেকে নামছে, তাদের মাঝেই শাউলিকে খুঁজছি। শাউলি আসলে আমরা ‘অরেঞ্জ লাইন’ ধরে ‘ভোনদুম’ স্টেশনে যাব। সেখান থেকে ১০৫ নম্বর বাস ধরে এনডিজি এলাকায় এলিসের বাসায় যাওয়ার কথা।
এলিসের কথা আগেও বলেছি। এলিস আমাদের বিভাগেরই শেষ বর্ষের পিএইচডি গবেষক। আমাদের ‘ফ্রাইডে লাঞ্চ’-এর মূল উদ্যোক্তা। ওর বাসায় যাওয়ার উদ্দেশ্য - ‘ক্রিসমাস ডিনার’। আমরা নতুন হিসেবে এলিস আমাদেরকে দাওয়াত দিয়েছে। যেহেতু বড়দিনের দিন ওরা মন্ট্রিয়লে থাকবে না, তাই বড়দিনের দুই দিন আগেই এই দাওয়াত।
শাউলিকে কল করবো কিনা ভাবছি। এলিসের বাসায় নেওয়ার জন্য গতকাল যে ওয়াইন কিনেছি, তা শাউলির কাছে রয়েছে। ওটা আনতে ভুলে না গেলেই হয়। বহু গবেষণার পর আমরা ওয়াইন কিনেছি। আমাদের বাংলাদেশিদের মতো শাউলিও সাধারণত অ্যালকোহল বা ওয়াইন খায় না। কিন্তু এখানে যেকোনো দাওয়াতে ওয়াইন নিয়ে যাওয়ার একটি রীতি রয়েছে।
আমাদের এক ডাচ কানাডিয়ান বন্ধুর সহায়তায় এস এ কিউ নামের একটি পানীয়র দোকান থেকে দোকানীর পরামর্শে এক বোতল ওয়াইন কিনেছি। রেড ওয়াইন। শাউলি ওটা আনতে ভুলে গেলে খালি হাতেই এলিসের বাসায় যেতে হলে কী লজ্জায়ই না পড়তে হবে!
অবশেষে শাউলি এলো। আমরা স্টেশন গুণে গুণে এলিসের বাসার কাছের ঠিক স্টেশনেই নামলাম। দরজা খুলেই সম্ভাষণ জানিয়ে আমাকে দেখে এলিস প্রথম যে মন্তব্য করলো - এখন আমাকে বাবা-বাবা লাগছে। এলিসের ভাষায় আমাকে দেখে নাকি বোঝাই যায় না আমার দুই বাচ্চা রয়েছে। শাউলিরও তাই মত। তাই এবার দাঁড়ি রেখেছি। দাঁড়িতে যদি একটু ভারীক্কি ভাব আসে!
এলিসের বর জোসেফ ছিলো রান্না ঘরে। আমরা যাওয়ার পর জোসেফ এসে সম্ভাষণ জানিয়ে আবার রান্না ঘরে চলে গেল। এলিস যেহেতু আমাদেরকে নিয়ে ব্যস্ত, আজকের রান্নার দায়িত্ব জোসেফই নিয়ে নিয়েছে। জোসেফের সাথে আগে থেকেই পরিচয় ছিলো। ‘বুস্তান’ নামের লেবাননের একটি রেস্তোঁরায় জোসেফ, আমি আর এলিস একবার রাতের খাবার খেতে গেছিলাম। তখন পরিচয়।
আরবের কাবাব ওদের খুব পছন্দ। সেবার ওদের সাথে আমার শরিক হওয়ার বড় কারণ- ‘জ্যাকি’ নামে জোসেফের একজন বাংলাদেশি বন্ধু রয়েছে। জোসেফ আমাদের একে অপরকে পরিচয় করিয়ে দিতে চেয়েছিল। কিন্তু কি একটা ব্যস্ততায় জ্যাকি সেইবার আসতে পারেনি।
জোসেফ বেচারা বার বার ঘড়ির দিকে তাকিয়ে একসময় খুব হতাশ হয়ে পড়লো। আমি এবং এলিস মিলে জোসেফকে আশ্বস্ত করলাম- সমস্যা নেই, আমরা আবার দেখা করবো। বন্ধু অন্তপ্রাণ জোসেফের সাথে সেবার কাবাব খেতে খেতে আরও অনেক বিষয়েই আলাপ হয়েছিলো।
আজ রান্নায় ব্যস্ত। তাই এলিসকে বলে গেল- তোমরা গল্প চালিয়ে যাও, আমি একটু গুছিয়ে আসছি। এলিসের বসার ঘরের টি-টেবিলে নাস্তা হিসেবে হরেক রকমের খাবার সাজিয়ে রাখা। এর মধ্যে আরব দেশিয় মুড়ি থেকে শুরু করে কেক, কুকিজ, নাম না জানা নানা বাহারী খাবার। সাথে হুইস্কি, মার্টিনি ও হরেক রকমের ওয়াইনসহ নানা জাতের পানীয়। আমরা অ্যালকোহল খাই কি না খাই, সেজন্য আমাদের জন্য আলাদা করে দারুচিনি মিশিয়ে অ্যাপল স্লাইডারও বানিয়ে রেখেছে।
আমরা গ্লাসে অ্যাপল স্লাইডার নিয়ে ঘুরে ঘুরে এলিসের ঘর দেখছিলাম। কানাডার কারও জীবন দেখে কানাডার জীবনব্যবস্থা সম্পর্কে জানার আমার আর শাউলির যে কৌতুহল, তা আর লুকিয়ে রাখতে পারলাম না। এলিসও একে একে ওর বসার ঘর, পড়ার ঘর- সব ঘুরিয়ে দেখাচ্ছে আর বর্ণনা দিয়ে যাচ্ছে।
এর মধ্যে আমাদেরকে নিয়ে গেলো টেবিলে বিছানো এক বিশাল ‘পাজল’ দেখাতে। পুরো বিশ্ব মানচিত্রের একটি পাজল। পুরোটা মেলাতে হবে। যেখানে যেখানে সাগর, পাহাড় যা যা আছে, সবকিছু ঠিকঠাক রেখে পুরো পাজলটা মেলাতে হবে। ও সময় পেলেই এই পাজল নিয়ে বসে। বুঝলাম- পাজল শুধু ছোটদের নয়, বড়দেরও খেলা।
আমি অবশ্য আমার ছেলের দোহাই দিয়ে অনেক খেলনা কিনে নিজেই খেলতাম। এলিসেরও দেখি একই অভ্যাস। এলিস অবশ্য এটা গত জন্মদিনে উপহার পেয়েছে বলে জানালো। এরপর নিজেই বলল- এটা আমি নিজেকে নিজেই উপহার দিয়েছি!
এসব করতে করতে করতে জোসেফ এসে জানালো- রান্না প্রস্তুত। আমাদের জন্য ভেড়া ও গরুর মাংস দিয়ে ‘শেফার্ড পাই’ তৈরি করেছে। দেখেই লোভ লেগে যাওয়ার মতো অবস্থা। জিজ্ঞেস করলাম- এর মধ্যে আর কী কী আছে? বললো- বিভিন্ন রকমের ডাল, বিন, ও শস্যদানার সাথে কিছু সবজি এবং ভেড়া ও গরুর মাংস ভুনা করে আলুভর্তা দিয়ে ঢেকে কিছুক্ষণ ওভেনে রেখে দিয়েছে। এর সাথে নানা রকমের সবজি।
এলিসের বাসায় যাওয়ার আগে মানসিকভাবে প্রস্তুত ছিলাম- হয়তো সব খাবার আমাদের স্বাদের সাথে নাও যেতে পারে। কিন্তু এই ‘পাই’ মুখে দিয়ে আমার সমস্ত ধারণা পাল্টে গেল। এত সুস্বাদু খাবার! আমার চোখ বন্ধ হয়ে এলো।
আমি এলিসসহ সবাইকে পরামর্শ দিলাম- এক চামচ মুখে দিয়ে চোখ বন্ধ করে ফেল। এলিস হাসতে লাগল। বলল- তাতে কী হবে? আমি বললাম- তুমি এই খাবারের প্রতিটি কণার স্বাদ আলাদা আলাদা করে পাবে। মজার ব্যাপার হলো, কিছুক্ষণের মধ্যেই আমরা সবাই এক এক চামচ খাবার মুখে দিচ্ছি আর চোখ বন্ধ করছি। ওরা স্বীকার করলো, এতে খাবারের স্বাদ বেড়ে যায়।
শেষ পর্বে এলো স্ট্রবেরি কেক। যেমন দেখতে, তেমন খেতে। জোসেফকে বললাম- জোসেফ আমার ছবি লাগবে। কিন্তু জোসেফ যে এতো খুঁতখুতে, তা কে জানতো? সে একটি যথার্থ ছবি তোলার জন্য তার ক্যামেরা বের করা থেকে শুরু করে একটি ঠিকঠাক ছবি তোলার জন্য যতরকম আয়োজন, যেমন- ট্রাইপড বসানো, আলোর ব্যবস্থা, সবাইকে এক ফ্রেমে নিয়ে আসার জন্য যা যা করার সব করলো।
খেতে খেতে, গল্প করতে করতে কখন যে রাত ১১টা বেজে গেল, বুঝতেই পারিনি। অবশেষে বিদায় নিতে হলো আমাদের। কিন্তু আসার আগে দেখি, একটা করে খাবারের ব্যাগ ধরিয়ে দিয়েছে। তাই বড়দিনের আগেই বড়দিনের খাবার শুধু ‘খাইয়াই আসিলাম না, লইলাও আসিলাম।’
লেখক:
পি এইচ ডি গবেষক, ফ্যাকাল্টি অব এডুকেশন, ম্যাকগিল বিশ্ববিদ্যালয়, মন্ট্রিয়ল, কানাডা।
ইমেইল: helaldhali@gmail.com
এই লেখকের আরও পড়ুন
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
