প্রবাসের চিঠি: জার্মানির টোকাই
জার্মানিতে প্রতিটা খালি পেট বোতলের দাম ধরা হয় পঁচিশ সেন্ট। টাকার অঙ্ক করলে দাঁড়ায় প্রায় বিশ টাকা।
এক কেজি ময়দার দাম এখানে বত্রিশ সেন্ট আর একটি খালি পেট বোতলের দাম প্রায় এক কেজি ময়দার দামের সমান। এখন কথা হচ্ছে, এই বোতল কি রাস্তায় ছুঁড়ে ফেলা সম্ভব? নাকি ডাস্টবিনে ফেলা সম্ভব?
শুনতে একটু অবাকই লাগবে, শিল্পোন্নত দেশ জার্মানিতে ডাস্টবিনে খালি বোতল খুঁজে বেড়ানো লোকের অভাব হয় না। আমাদের দেশে যাদেরকে বলি ‘টোকাই’।
আপনি হয়তো ভাবছেন, জার্মানিতে এসব টোকাইরা হয়তো শরণার্থী হবে। কিংবা হয়তো বা উন্নয়নশীল দেশ থেকে গিয়েছে। জ্বি না, ভুল ভেবেছেন। এরা খোদ জার্মান। বিশুদ্ধ সাদা চামড়ার জার্মান।
তবে মাতাল জার্মান। এরা সারাদিন মদ খেয়ে বুদ হয়ে পোষা কুকুরের সাথে রাস্তাঘাটেই ঘুমায়। ডাস্টবিন ঘেঁটে চার-পাঁচটা বোতল টোকাতে পারলে এক বোতল মদের টাকা জোগাড় হয়ে যায়।
শুধু পেট বোতলই নয়, এখানে কাঁচের বিয়ারের খালি বোতলের দামও নির্ধারণ করা থাকে। তবে সেটা দামে সস্তা। প্রতিটির দাম আট সেন্ট মাত্র। যদিও বোতলগুলো ওজনে ভারী হয়, তাতে কী? সেটাও টোকাইদের লক্ষ্যবস্তু থাকে। ব্যাগভর্তি ভারী কাঁচের বোতল আর সৌভাগ্যক্রমে যদি মেলে খালি পেট বোতল, আর তাদের পায় কে!
প্রতিদিনই ডাস্টবিনের ভেতরের পলিথিন পরিবর্তন করা হয়। তবে অনেকেই নানারকম ব্যস্ততায় পঁচিশ সেন্ট মূল্যের বোতলও ফেলে বটে, তবে তার সংখ্যা খুবই অল্প। যেগুলোর মূল্য নির্ধারিত, তা যাই ফেলা হোক, তাই মূলত টোকাইদের টার্গেট।
এবার বাংলাদেশে বেড়াতে গিয়ে সেখানে রাস্তাঘাটে ছুড়ে ফেলা অজস্র পেট বোতল দেখে চোখের আন্দাজে ইউরো গুণেছি। পথেঘাটে শত শত পেট বোতল পড়ে আছে। লোভে আমার চোখ চক চক করছিলো। কত শত ইউরো পথেঘাটে ধুলাবালিতে গড়াগড়ি খাচ্ছে!
ড্রেনের পানিতে বোতল ভেসে যাচ্ছে নাকি ইউরো ভেসে যাচ্ছে! বিশেষ করে ট্রেন স্টেশন বা বাস টার্মিনালে। অসংখ্য বোতল এখানে-সেখানে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। যদিও অল্পবয়সী টোকাইদের দেখেছি সেগুলো কুড়িয়ে ভাঙ্গরির দোকানে বিক্রি করতে। তবে তার মূল্য খুবই কম। কেজিতে কিছু টাকা দেয় হয়তোবা।
তাছাড়া সব বোতল চোখের সামনে পড়েও না। কিছু চলে যায় পার্শ্ববর্তী ড্রেনে, খালে বা নদীতে। কারণ, যারা বোতলে কোনো পানীয় কেনে, তাদের কাছে এই খালি বোতল মূল্যহীন। আর মূল্যহীন বোতলগুলো পথেঘাটে সচেতন বা অসচেতনভাবে যেখানে-সেখানে ছুড়ে ফেলা হয়। সত্যি বলতে, আমি নিজেও হয়তো অনেক বোতল রাস্তায় ফেলেছি। যার কোনো হিসাব নেই।
শহর দূষণ তথা বর্জ্য ব্যবস্থাপনার অন্যতম বাধা- যত্রতত্র ফেলে দেওয়া এইসব প্লাস্টিকের বোতল। কোনোভাবেই জনসচেতনতা তৈরি করে এই মূল্যহীন বোতলগুলো ছুড়ে ফেলা বন্ধ করা সম্ভব হবে বলে আমার বিশ্বাস করতে কষ্ট হয়। একমাত্র সমাধান মনে হয় এই ‘হিটলারী বুদ্ধি’।
আমাদের এলাকায় এখনও যেকোনো অদ্ভুত কূটকৌশলকে ‘হিটলারী বুদ্ধি’ বলেই মজা করে থাকি। সেক্ষেত্রে এই বোতলগুলোর মূল্য ধরিয়ে দেওয়াকে সফল হিটলারী বুদ্ধি-ই বলা চলে। শুধু হিটলারের দেশেই নয়, উন্নত দেশগুলো পরিচ্ছন্ন শহর থাকায় তা বিশ্বজুড়ে সমাদৃত হয়। এসব উন্নত দেশগুলোতে পেট বোতলের মূল্য নির্ধারণ করা আছে। উদ্দেশ্য একটাই- কেউ এগুলো রাস্তাঘাটে খালে-বিলে নদীতে অন্তত ফেলবে না।
জার্মানিতে পথেঘাটে হয়তো সিগারেটের ফিল্টার বা ছেঁড়া-ফাটা কাগজ পড়ে থাকতে দেখবেন, কিন্তু পথেঘাটে কোথাও বোতল খুঁজে পাবেন না। চারটা বোতল জমাতে পারলে এক ইউরো। আর এক ইউরো মানে এখানে অনেককিছু। দশটি ডিমের দাম এক ইউরো।
আমরা জার্মানিতে যেটা করি, সেটা হচ্ছে পানীয় বোতল কেনার পর খালি হয়ে গেলে বাসাতেই জমাতে থাকি। এভাবে যখন বিশ থেকে পঁচিশটা বোতল জমে যায়, এক ব্যাগ ভরে নিয়ে সেটা দোকানে নিয়ে জমা দেই। সেখানে যে টাকা পাই, সেই টাকা দিয়ে ব্যাগভরে বাজার করে নিয়ে চলে আসি।
প্রতিটা বোতলের লেবেলে একটা বিশেষ স্টিকার লাগানো থাকে। প্রতিটা সুপারমার্কেটে থাকে স্বয়ংক্রিয় ভেন্ডিং মেশিন। মেশিনে বোতলগুলো কম্প্রেস করে চারকোণা বান্ডিল বানিয়ে রিসাইক্লিং সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়। ওই মেশিনের সম্মুখভাগটা মার্কেটের দিকে থাকে। সেখানে বোতলের মাপ সদৃশ ছোট্ট একটা ছিদ্র থাকে। ওই ছিদ্র দিয়ে বোতল ঢুকিয়ে দিলেই মেশিনের স্ক্যানারের লেজার বোতলের লেবেলে মারলেই স্বয়ংক্রিয়ভাবে বোতলের সঠিক দাম স্ক্রিনে ভেসে আসে।
আমরাও দেশে এই পদ্ধতিটা চালু করলে হয়তোবা যত্রতত্র বোতল ছুঁড়ে ফেলা বন্ধ করা যেত। ধরা যাক, কোনো পানির বোতলের দাম বিশ টাকা। কিন্তু ক্রেতাদের কাছ থেকে নেওয়া হলো বাইশ টাকা। ওই পানির বোতলের লেবেলে লেখা থাকলো খালি বোতলটি নির্ধারিত স্থানে জমা দিলে নগদ দুই টাকা ফেরত পাবেন। তখন আমরা বোতলটি নির্ধারিত সুপার মার্কেট, মুদি দোকান, বেকারি বা ভাঙ্গরির দোকানে হাতে হাতে জমা দিয়ে নগদ টাকা উঠিয়ে নিতে পারি।
বোতল প্রস্তুতকারী কোম্পানিগুলো তাদের কাছ থেকে সেই মূল্য পরিশোধ করে বোতলগুলো রিসাইক্লিং-এর জন্যে নিয়ে যেতে পারে। সিস্টেমটাতে জটিলতার কিছু নাই। নিজের শহর সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে এটি একধাপ অগ্রগতিই বলা যাবে। স্বদিচ্ছাটা বড় জরুরী।
লেখক: মাহবুব মানিক, বৈজ্ঞানিক গবেষক, মার্সেবুর্গ ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সাইন্স, জার্মানি
এই লেখকের আরও লেখা
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
