মালয়েশিয়ায় নবগঠিত শ্রমিক লীগ
নবগঠিত জাতীয় শ্রমিক লীগ, মালয়েশিয়া শাখার উদ্যোগে এক সংবাদ সম্মেলন হয়েছে।
শনিবার বিকালে জালান ইপুর একটি হোটেলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি। এতে লিখিত বক্তব্য পাঠ করেন নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির সাধারণ সম্পাদক এস এম আবুল হোসেন।
সংবাদ সম্মেলনে দলের সভাপতি নাজমুল হোসেন বাবুল বিভিন্ন প্রশ্নের জবাবে জানান, বাংলাদেশ গঠনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ও তার আদর্শের কথা সারাবিশ্বে প্রচার করে যাচ্ছে শ্রমিক লীগ। তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে সোনার বাংলাদেশ। বিশ্বের দরবারে আজ আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারছি নিজ পরিচয়ে।
সভাপতির দাবি, প্রবাসে শ্রমিকদের নানাবিধ সমস্যা সমাধানে জাতীয় শ্রমিক লীগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও দাবি করেন, মালয়েশিয়ায় যেকোনো প্রান্তে শ্রমিকদের কোনো সমস্যার কথা জানতে পারলে শ্রমিক লীগের নেতা-কর্মীরা সাহায্য করার চেষ্টা করে থাকেন।
মালয়েশিয়ায় এই সংগঠনটির কার্যক্রমকে সংগঠিত করতে কেন্দ্রীয় শ্রমিক লীগ ২০১৪ সালে সোহেল বিন রানাকে আহবায়ক করে ৩১ সদস্যের কমিটি গঠন করা হয়। সে কমিটি এক বছরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা থাকলেও সেটি হয়নি।
এই কারণে, চলতি মাসে বাংলাদেশ শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি শুক্কুর মাহমুদ আগেকার আহবায়ক কমিটি বাতিল করে নাজমুল ইসলাম বাবুলকে সভাপতি ও এসএম আবুল হোসেনকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনিছ মোল্লা, মো. জাকির হোসেন, দফতর সম্পাদক মাজহারুল ইসলাম সরকার, মো. বাচ্ছু মিয়া, সুঙ্গাই ভুলু শাখা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবির, তামিলজায়া শাখার সভাপতি মো. মহিউদ্দিন ইমন, সাংগঠনিক সম্পাদক মো. রশিদ জামান, বাচ্ছু মিয়া, মো. শামিম প্রমুখ।
প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
