মালয়েশিয়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস
‘বিশ্বময় অভিবাসন, সমৃদ্ধ দেশ, উৎসবের জীবন’ প্রতিপাদ্য নিয়ে মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাস এক আলোচনা সভার মধ্যদিয়ে দিবসটি পালন করেছে।
শুক্রবার বিকেলে মালয়োশয়ার বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে রাজধানী কুয়ালালামপুরের এমপিএজে মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে এক আলোচনা সভা হয়েছে।
ডেপুটি হাই কমিশনার মো.ফায়সাল আহমেদের সভাপতিত্বে ও প্রথম সচিব (শ্রম) মোশাররাত জেবীনের পরিচালনায় এই সভায় বক্তব্য রাখেন মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটির অধ্যাপক এ এইচ এম জিহাদুল করিম, সামরিক উপদেষ্টা কমোডর শেখ আরিফ মাহমুদ, লেবার কাউন্সিলর মো. ছায়েদুল ইসলাম মুকুল, কাউন্সিলর রইস হাসান সারোয়ার, ফার্স্ট সেক্রেটারি এসকে শাহীন এবং বেগম তাহমিনা ইয়াসমীন প্রমুখ।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে ফায়সাল আহমেদ বলেন, “মনে রাখতে হবে প্রবাসীদের পাঠানো অর্থে দেশের আর্থসামাজিক উন্নয়ন হচ্ছে, তাই তাদেরকে নাগরিক হিসেবে শ্রদ্ধা ও সম্মান দেখাতে হবে।”
তিনি আরও বলেন, “যারা বিদেশে অবস্থান করছেন তারা যেন সেদেশের আইন কানুন মেনে চলেন। খেয়াল রাখতে হবে যেন একটি ভুলের কারণে দেশের ভাবমূর্তি নষ্ট না হয়।”
ডেপুটি হাই কমিশনার আরও বলেন, “অভিবাসন হচ্ছে মানুষের অধিকার। সরকারি হিসেব মতে, বর্তমানে প্রায় ১ কোটি বাংলাদেশি বিভিন্ন দেশে কাজ করছেন। অভিবাসীদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসী কল্যাণ ব্যাংক চালু করেছেন।”
ডেপুটি হাই কমিশনার বলেন, “বাংলাদেশি অভিবাসীদের কাজের দক্ষতার কারণে বাংলাদেশ থেকে আরও শ্রমিক নিতে চলতি মাসেই চূড়ান্ত চুক্তি সাক্ষর হবে।”
চলতি বছরের সেপ্টেম্বরে ‘সোর্স কান্ট্রি’ হিসেবে মালয়েশিয়া সরকার বাংলাদেশকে অন্তর্ভূক্ত করেছে বলেও জানান ডেপুটি হাই কমিশনার।
সাহিদা সুলতানা জানান, চলতি বছরের অক্টোবর পর্যন্ত মালয়েশিয়া থেকে বাংলাদেশে রেমিটেন্স গেছে ৪৩৮ মিলিয়ন মার্কিন ডলার। আর এবছর ৫২৫ অভিবাসীর মৃতদেহ দেশে পাঠানো হয়েছে।
অনুষ্ঠানে মুক্তিযোদ্বা ইউনিট কমান্ডার দেলোয়ার হোসেন মজনু, মালয়েশিয়া বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি এবং আওয়ামী লীগ নেতা রাশেদ বাদল, অগ্রণী রেমিটেন্সের ম্যানেজার মো.ওয়ালি উল্লা, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনির, অগ্রণী ব্যাংক রেমিটেন্সের মো. নাজমুল ইসলাম, খালেদ মোর্শেদ রিজভী, সেচ্ছাসেবক লীগের সভাপতি বিএম বাবুল হাসানসহ দূতাবাসের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি পেশার প্রবাসীরা উপস্থিত ছিলেন।
প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
