২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘নির্বাচন ২০১৯ সালের আগে না’

২০১৯ সালের আগে কোনো নির্বাচন হবে না- মালয়েশিয়া সফরকালে একথা বলেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কায়সার হামিদ হান্নান,মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2016, 09:16 PM

Updated : 11 Oct 2022, 07:42 PM

পুরনো খবর:

মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের বৈধ হওয়ার সুযোগ আসছে
মালয়েশিয়ায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
মালয়েশিয়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস
মালয়েশিয়ায় ‘ঘুষ দেওয়ার’ অভিযোগে দুই বাংলাদেশি আদালতে

রোববার সন্ধ্যায় কুয়ালালামপুরের জালান ইপু মতিয়ারা কমপ্লেক্সের বলরুমে মালয়েশিয়া আওয়ামী লীগের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানে মোহাম্মদ নাসিম বলেছেন, “আওয়ামী লীগ জনগণের দল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বেগম জিয়াকে প্রধানমন্ত্রী বলেছিলেন, আসুন সবাই মিলে সুষ্ঠু নির্বাচন করি। কিন্তু বেগম জিয়া আসেননি। বেগম জিয়া আপনি অনেক আন্দোলন করেছেন; কিস্তু সফল হননি। দেশে নির্বাচন হবে তবে ২০১৯ সালের আগে নয়।”

মালয়েশিয়া আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শাহীন সরদার এবং সদস্য মনিরুজ্জামান মনিরের যৌথ পরিচালনায় এক সংবর্ধনা অনুষ্ঠানে  প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, “বেগম জিয়া আপনি ২০১৪ ও ১৫ সালে মানুষ পুড়িয়েছেন। বাংলাদেশের জনগণ আপনাকে চায় না।"

মালয়েশিয়ার আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “প্রবাসীদের কল্যাণে কাজ করুন আর ঐক্যবদ্ধ থাকুন।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়ায় বাংলাদেশের হাই কমিশনার মো. শহীদুল ইসলাম। তিনি অবৈধভাবে অবস্থানরতদেরকে বৈধতা দেওয়ার বিষয়ে কয়েকদিন আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ঘোষণার বিষয় উল্লেখ করে বলেন “মালয়েশিয়ায় এবার বাংলাদেশিদের বৈধকরণ প্রক্রিয়া হবে অনলাইনে। আমরা যথাসাধ্য চেষ্টা করব একজন বাংলাদেশিও যেন এখানে অবৈধভাবে না থাকেন।”

প্রবাসীদের উদেশে তিনি বলেন, “আপনাদের যে কোনো সমস্যা দূর করতে দুতাবাসে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদের সহযোগিতা করার জন্য সবসময় চেষ্টা করছি।”  

এছাড়াও বক্তব্য দেন সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, একই জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া,  আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক জামিল হোসেন নাসির, মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. কামরুজ্জামান কামাল, কুয়ালালামপুর ইউনিভার্সিটির মেডিসিন বিভাগের প্রফেসর এবং মালয়েশিয়া আওয়ামী লীগ নেতা ডা. এমদাদুল হক প্রমুখ। 

এর আগে বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী ইয়ে দাতু সারি ডা. এস সুব্রামানিয়ামের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি বাংলাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা সরঞ্জাম, রক্ষণাবেক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনাসহ অন্যান্য লজিস্টিক সাপোর্ট দেয়ার বিষয়ে মালয়েশিয়ার সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com