মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের বৈধ হওয়ার সুযোগ আসছে
মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ বাংলাদেশিদের বৈধ হওয়ার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক তার বাজেট বক্তব্যে দেশটিতে অবৈধভাবে বসবাসরতদের বৈধ করার বিষয়ে জানান।
কুয়ালালামপুর থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলাম টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মালয়েশিয়ার সরকার অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদেরকে নতুন করে ওয়ার্ক পারমিট দেবার মাধ্যমে এই বৈধকরণ প্রক্রিয়া শুরু করবে বলে জানতে পেরেছি আর এই বিষয়ে ঘোষণা দিয়েছেন এদেশের প্রধানমন্ত্রী নিজেই।”
রাষ্ট্রদূত ২০১৪ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালয়েশিয়া সফরে এই বিষয়ে দ্বিপাক্ষিক দীর্ঘ আলোচনার কথা জানান। বাংলাদেশি শ্রমিকদের বৈধ করার বিষয়ে বাংলাদেশ দূতাবাস দীর্ঘদিন ধরে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে বলেও জানান রাষ্ট্রদূত। আর এই শুরু হতে যওয়া প্রক্রিয়াকে বাংলাদেশের জন্য কূটনৈতিক সাফল্য হিসেবেও উল্লেখ করেন তিনি।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এই ঘোষণায় কুয়ালালামপুর, জোহর বাহরু, মালাক্কা, পাহাং, পেনাংসহ বিভিন্ন প্রদেশে অবস্থানরত অবৈধ বাংলাদেশিরা স্বস্তির নিশ্বাস ফেলছেন।
অবৈধভাবে অবস্থানরতদের বৈধ করার এই প্রক্রিয়াটি কোন প্রতিষ্ঠানের মাধ্যমে, কীভাবে এবং কখন শুরু হবে তা এখনো বিস্তারিত জানা যায়নি। তবে খুব শীঘ্রই এই বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলে আভাস মিলেছে। এদিকে আগের মতো সুযোগ পেয়েও কেউ যাতে বৈধ হওয়ার প্রক্রিয়া থেকে বাদ না পড়েন সে বিষয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ দূতাবাস ।
আগে অবৈধ বাংলাদেশিদের বৈধকরণ প্রক্রিয়ার সময় বিভিন্ন এজেন্টের বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। এবার এমন সমস্যা এড়াতে কুয়ালালামপুর দূতাবাস এই প্রক্রিয়ায় অংশগ্রহণকারীদেকে সঠিক তথ্য জেনে নেওয়ার কথা বলেছে।
বর্তমানে প্রায় ছয় লাখ বাংলাদেশি মালয়েশিয়ায় বিভিন্ন পেশায় রয়েছেন।
প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
