১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বৈদ্যুতিক গাড়ির উন্নয়ন: যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীর সম্মাননা

হাই ভোল্টেজ চার্জিং সিস্টেমের সুরক্ষা ব্যবস্থার উন্নয়ন, শক্তিসঞ্চয়, সহজ রক্ষণাবেক্ষণ এবং অপারেশন ব্যয় হ্রাস করায় ভূমিকা রেখেছেন সিদ্দিকী।

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2023, 12:22 PM

Updated : 13 Oct 2023, 12:22 PM

বৈদ্যুতিক গাড়ি নির্মাণে বিশেষ ভূমিকার জন্য যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন প্রবাসী বাংলাদেশি প্রকৌশলী সাইফ সিদ্দিকী।

গাড়িতে হাই ভোল্টেজ চার্জিং সিস্টেমের সুরক্ষা ব্যবস্থার উন্নয়ন, শক্তিসঞ্চয়, সহজ রক্ষণাবেক্ষণ এবং অপারেশন ব্যয় হ্রাস করায় ভূমিকা রেখেছেন সিদ্দিকী।

এসব কাজের স্বীকৃতিকে বৃহস্পতিবার সাইফ সিদ্দিকীকে ‘ইন্ডাস্ট্রিয়াল সলিউশন অ্যাওয়ার্ড-২০২৩’ দিয়েছে ‘ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনাল ম্যানেজম্যান্ট’ (আইইওএম)।

যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েট সিটির কাছে সাউথফিল্ডে লরেন্স টেকনোলজিক্যাল ইউনিভাসিটিতে ‘স্মার্ট মোবিলিটি ও গাড়ি বৈদ্যুতিকরণের উপর আন্তর্জাতিক সম্মেলন-২০২৩’ এ সম্মাননা দেওয়া হয় তাকে।

২০১৯ সাল থেকে মিশিগানের স্ট্যালেন্টিস গাড়ি কোম্পানিতে (প্রাক্তন ফিয়াট ক্রাইস্লার অটোমোটিভ) বৈদ্যুতিক গাড়ির চার্জিং সিস্টেম ও পাওয়ার ইলেক্ট্রনিক্স বিভাগের ব্যবস্থাপক হিসাবে দায়িত্ব পালন করছেন সাইফ সিদ্দিকী।

এর আগে তিনি যুক্তরাষ্ট্রের গাড়ি কোম্পানি ‘ফোর্ড’ ও ‘জেনারেল মটরসে’ প্রকৌশলী হিসাবে কাজ করেছেন।

ইউনিভার্সিটি অব মিশিগান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেছেন এই প্রকৌশলী। তিনি ইউনিভার্সিটি অব মিশিগানের ইন্ডাস্ট্রিয়াল অ্যাডভাইসরি বোর্ডের সম্মানিত সদস্য।

এছাড়া আমেরিকান সোসাইটি অব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এএসএমই) স্টুডেন্ট চ্যাপ্টারের ভাইস প্রেসিডেন্ট (আউটরিচ) ও বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের সভাপতিও ছিলেন সিদ্দিকী।