২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, আটক ১৫ বাংলাদেশি

পেনাং ক্রিকেট অ্যাসোসিয়েশনের একটি প্রতিযোগিতায় অংশ নেওয়ার কাগজপত্রও দেখায় দলটি।

রফিক আহমদ খান রফিক আহমদ খান

মালয়েশিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2025, 01:52 AM

Updated : 26 Aug 2026, 12:03 PM

ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের সময় কুয়ালালামপুর বিমানবন্দরে আটক হয়েছেন ১৫ বাংলাদেশি।

ক্রিকেটের পোশাক পরে তারা ভ্রমণ করলেও এবং ক্রিকেট প্রতিযোগিতার কাগজ দেখিয়েও শেষ রক্ষা হয়নি। সোমবার উড়োজাহাজ থেকে নামার পর সন্দেহ হলে বিমানবন্দরে তাদের জিজ্ঞাসাবাদের সময় ভুয়া প্রতিযোগিতার বিষয়টি ধরা পড়ে। 

পরে তাদের মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) আটক করে বলে মঙ্গলবার দেশটির একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়।

এসব সংবাদে বলা হয়, পেনাং ক্রিকেট অ্যাসোসিয়েশনের একটি প্রতিযোগিতায় অংশ নেওয়ার কাগজপত্রও দেখায় দলটি। এতে অংশ নিতে তারা বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় এসেছেন বলে দাবি করেন। তবে নিরাপত্তা কর্মীদের জেরায় তারা সঠিক তথ্য দিতে পারেননি। পরে যাচাইকালে দেখা যায় ওই কাগজ ভুয়া। ২১ থেকে ২৩ মার্চ পর্যন্ত এমন কোনো প্রতিযোগিতা নেই পেনাংয়ের।

একেপিএস এর বরাতে মালয়েশিয়ার সংবাদমাধ্যম বারনামার এক প্রতিবেদনে বলা হয়, তদন্তে দেখা গেছে, পেনাং ক্রিকেট অ্যাসোসিয়েশনের নামে দেওয়া চিঠিটি জাল। একেপিএস এর সদস্যদের সন্দেহ হয় যখন তারা একজন স্পনসরকে গ্যারেন্টার হিসেবে নেওয়ার চেষ্টা করেছিল। তবে উপস্থিত ‘গ্যারান্টর’ স্বীকার করেছেন, ওই ক্রিকেট প্রতিযোগিতা সম্পর্কে কোনো তথ্য তার কাছে নেই। তিনি শুধু একটি কোম্পানির প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন।

সংস্থাটি বলেছে, তদন্তে তাদের ক্রিকেটার হওয়ার কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি। সম্ভবত তারা এমন একটি সিন্ডিকেটের অংশ যারা নিজেদের ক্রিকেটার সেজে অন্য উদ্দেশ্যে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছে।

বিবৃতিতে একেপিএস বলেছে, তাদের বিরুদ্ধে প্রযোজ্য অভিবাসন বিধি অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।

সংস্থাটি সতর্ক করেছে, অবৈধ কাজ বা মানবপাচারের মত বিভিন্ন উদ্দেশ্যে ক্রীড়া ভিসার অপব্যবহারের চেষ্টা করলে যে কোনো ব্যক্তি বা সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।