২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আস্থা আছে বলেই মানুষ এবারও ভোট দেবে: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি বলেন, “যারা সন্ত্রাসী, খুনি, জনগণের অর্থ লুটপাটকারী, বোমা-গ্রেনেড হামলাকারী ও অর্থ পাচারকারী, জনগণ তাদের বিশ্বাস করে না, ভোটও দেবে না।”

আস্থা আছে বলেই মানুষ এবারও ভোট দেবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2022, 07:53 PM

Updated : 28 Oct 2022, 10:15 PM

আওয়ামী লীগে আস্থা রেখে মানুষ তিনবার ভোট দিয়েছে এবং আগামী জাতীয় নির্বাচনেও ভোট দেবে বলে বিশ্বাস করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণভবনে শুক্রবার দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় তিনি বলেন, “যারা সন্ত্রাসী, খুনি, জনগণের অর্থ লুটপাটকারী, বোমা-গ্রেনেড হামলাকারী ও অর্থ পাচারকারী, জনগণ তাদের বিশ্বাস করে না, ভোটও দেবে না।

“আওয়ামী লীগের ওপরে মানুষের আস্থা রয়েছে বলেই তিনবার ভোট দিয়ে নির্বাচিত করেছে; এবারও দেবে।”

বিএনপির উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে বলেই, বিএনপি আজ আন্দোলন করতে পারছে৷ কিন্তু বিএনপির যারা খুনের সঙ্গে জড়িত, অগ্নিসন্ত্রাসের সঙ্গে জড়িত, জঙ্গিবাদের সঙ্গে জড়িত, তাদের ধরতে হবে৷ তাদের কোনো ছাড় নেই।”

আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়েছে দাবি করে তিনি বলেন, “গত ১৪টা বছর আমরা এই দেশের মানুষের আস্থা, বিশ্বাস ধরে রেখেছি, অর্জন করেছি। আরও বেশি জনপ্রিয়তা অর্জন করেছে আওয়ামী লীগ। সেটা মাথায় রেখে আমাদের এগিয়ে যেতে হবে।

“যারা সন্ত্রাসী, খুনি, ১০ ট্রাক অস্ত্র বা গ্রেনেড হামলাকারী, ৬৩ জেলায় বোমা হামলাকারী এদেরকে বাংলাদেশের জনগণ বিশ্বাসও করে না। এদের পাশে কোনোদিন থাকবে না, ভোটও দেবে না। এটা হল বাস্তবতা।”

জনগণের প্রতিও আওয়ামী লীগের আস্থা আছে মন্তব্য করে দলের সভানেত্রী বলেন, “আওয়ামী লীগ দেশ চালায় জনগণের প্রতি একটা দায়িত্ববোধ থেকে, আমরা স্বাধীন করেছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, জনগণের প্রতি আমাদের একটা আস্থা আছে, বিশ্বাস আছে আর দায়িত্ববোধ আছে।

“সেইভাবে চিন্তা করেই আমরা রাষ্ট্র চালাই, বিধায় এখনও বাংলাদেশের অর্থনীতি সচল আছে যেটা পৃথিবীর আর কোনো দেশে নাই।”

আওয়ামী লীগের উন্নয়নের কথা জনগণের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।

তিনি বলেন, “আমাদের উন্নয়নের কথাগুলো এটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। ভবিষ্যতের জন্য আমরা যে পরিকল্পনাগুলো নিয়েছি সেটাও মানুষের সামনে তুলে ধরতে হবে।

“বিএনপি আমলে তাদের যে লুটপাট, দুর্নীতি, সন্ত্রাস-জঙ্গিবাদ, বোমাবাজি, গ্রেনেড হামলা, অত্যাচার-নির্যাতন, খুন, রাহাজানি- এমন কোনো অপকর্ম নাই তারা করেনি। মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা বিজয় অর্জনকারী দেশ, সে বাংলাদেশকে বিশ্বের কাছে ভিখারীর দেশে পরিণত করেছে।”

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের কেন্দ্রীয় সম্মেলন ও বিভিন্ন নীতি নির্ধারণে শুক্রবার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে ওই বৈঠক হয়।

সভায় আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের তারিখ চূড়ান্ত হয়।

বৈশ্বিক সংকটের কারণে এবারের সম্মেলনে আনুষ্ঠানিকতায় ব্যয় কমানোর কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “খরচ কমানোর জন্য আয়োজন হবে সাদামাটা।”

প্রতিবার আওয়ামী লীগের সম্মেলন দুদিনব্যাপী হলেও এবার সোহরাওয়ার্দী উদ্যানে এক দিনেই সব সারা হবে। সকালে উদ্বোধনী অনুষ্ঠান, বিকালে কাউন্সিল অধিবেশন এবং সন্ধ্যায় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

দেশের বৃহৎ এই রাজনৈতিক দরের ২১তম জাতীয় সম্মেলন হয়েছিল ২০১৯ সালের ২১ ডিসেম্বর। সেই সম্মেলনে সভাপতি পদে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের পুননির্বাচিত হন।

সম্মেলনের আগে আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামে আওয়ামী লীগের সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের সভাপতি শেখ হাসিনাও চট্টগ্রামের পলো গ্রাউন্ডে ওই সমাবেশে উপস্থিত থাকবেন।