২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাম্যের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ হতে হবে: শিরীন আখতার

“পিছিয়ে পড়া নারীদের অর্থনীতির মূলধারা নিয়ে আসতে হবে, নারীদের ব্যবসা-বাণিজ্য করার সুযোগ সৃষ্টি করতে হবে,” বলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2024, 05:33 PM

Updated : 08 Mar 2024, 05:33 PM

দেশ স্বাধীন হওয়ার পাঁচ দশক পেরোলেও নারীরা শ্রমের মর্যাদা পাচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার।

তিনি বলেছেন, “দেশে আইন আছে, তার পরও নারীরা অধিকাংশ সময় মাতৃত্বকালীন ছুটি পায় না। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানে নারী-পুরুষের সমান অধিকারের কথা উল্লেখ থাকলেও বাস্তবিকভাবে বাংলাদেশের নারীরা সে অধিকার ভোগ করে না।”

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শিরীন আখতার বলেন, “নারীর প্রতি সকল ধরনের বৈষম্য, সহিংসতা, পশ্চাৎপদ দৃষ্টিভঙ্গির অবসান করে নারী-পুরুষের জন্য সাম্যের সমাজ প্রতিষ্ঠার চেতনাকে ধারণ করে নারী সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।”

জাসদ সাধারণ সম্পাদ বলেন, “পিছিয়ে পড়া নারীদের অর্থনীতির মূলধারা নিয়ে আসতে হবে, নারীদের ব্যবসা-বাণিজ্য করার সুযোগ সৃষ্টি করতে হবে। নারীদের স্বাস্থ্য সুরক্ষা, নিরাপত্তা, শিক্ষায় সরকারকে আরও মনোযোগ দিতে হবে। কারণ নারীদের জন্য খরচ করলে সমাজে সার্বিক গতি আসবে।”

জাসদের সহযোগী সংগঠন জাতীয় নারী জোট আয়োজিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাসদ সহ-সভাপতি উম্মে হাসান ঝলমঝ, জাতীয় কৃষক জোটের দপ্তর সম্পাদক হাছিনা আক্তার নাইনু, জাতীয় যুব জোটের সাংগঠনিক সম্পাদক পারভেজ আক্তার শিল্পী, আইন বিষয়ক সম্পাদক রেশমা হাবিব।