গোটা বিশ্বই এখন সরকারের পদত্যাগ চায়: নজরুল
“ইতিহাস সাক্ষী বিএনপি পারে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এবং আগামীতে বিএনপিই পারবে,” বলেন তিনি।
বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেছেন, শুধু বাংলাদেশের জনগণ নয়, গণতান্ত্রিক বিশ্বও এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। বুধবার বিকালে ঢাকায় এক সমাবেশে একথা বলেন তিনি। ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে গাবতলী বাসস্ট্যান্ডে এই সমাবেশ হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল বলেন, “এই সরকারের পতন অবশ্যম্ভাবী। আজ শুধু বাংলাদেশের জনগণ না, গণতান্ত্রিক বিশ্বও এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। এই সরকারের পতন হতেই হবে।”
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, “জনগণ অতিষ্ঠ হয়ে গেছে। জিনিসপত্রের দাম এত বেড়ে গেছে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সবাই পরিবর্তন চায়। কেউ বলতেছে, কেউ বলতেছে না। যারা এখনও আসতেছেন না, তাদের প্রতি আমার অনুরোধ…১৯৭১ সালে আমাদের যখন মুক্তিযুদ্ধে যাওয়ার বয়স ছিল, আমরা যুদ্ধে গিয়েছি। এখন গর্ব করে বলি, আমি একজন মুক্তিযোদ্ধা। কিন্তু যারা সেদিন যায় নাই, তারা এখন আক্ষেপ করে যদি যাইতাম তাহলে তো আমিও গর্ব করে বলতে পারতাম আমিও মুক্তিযোদ্ধা।”
নজরুল বলেন, “ইতিহাস সাক্ষী বিএনপি পারে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এবং আগামীতে বিএনপিই পারবে।
এটা ইতিহাস। আওয়ামী লীগ গণতন্ত্র জবাই করে আর বিএনপি গণতন্ত্র পূণঃপ্রতিষ্ঠা করবে। অতীতে তাই হয়েছে, এবারও তাই হবে ইনশাল্লাহ।”
খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশ যেতে না দেওয়ায় সরকারের সমালোচনাও করেন তিনি।
মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভুঁইয়া, আফরোজা খানম রীতা, কেন্দ্রীয় নেতা শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, নাজিম উদ্দিন আলম বক্তব্য রাখেন।
এদিন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে ফতুল্লাতে সমাবেশ হয়, ষেখানে প্রধান অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
