‘বিশ্বে বিরল অনন্য শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন
বাংলা ও ইংরেজি ভাষায় বইটি প্রকাশ করেছে ভাষাচিত্র।
সাতক্ষীরার সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবির লেখা ‘বিশ্বে বিরল অনন্য শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে।
সোমবার বিকালে জাতীয় সংসদ ভবনের এলডি মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু চেয়ার’ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, “শেখ হাসিনাকে নিয়ে অনেক বই রচিত হচ্ছে, আরও হবে। তবে বাংলা ও ইংরেজি ভাষায় এক মলাটে আবদ্ধ এই প্রকাশনাটি শেখ হাসিনাকে নিয়ে নতুন ভাবনার সঞ্চার করবে, এই প্রকাশনীটি সত্যিই প্রশংসার দাবি করে।”
সাবেক মুখ্য সচিব কবি কামাল চৌধুরী বলেন, “শেখ হাসিনার মত বিরল রাজনৈতিক নেতা সম্পর্কে আরও বেশি বেশি তথ্য সমৃদ্ধ গবেষণা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম করবে। এই বই ভবিষ্যতে রেফারেন্স হিসেবে কাজ করবে।"
বইয়ের লেখক মীর মোস্তাক আহমেদ রবি বলেন, "একটি সুন্দর সমাজ ও সমৃদ্ধ দেশ গঠনে নেতৃত্বের বিশেষ গুণাবলী লাগে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রজন্মের জন্য বিরল নেতৃত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য এ বি তাজুল ইসলাম, সঞ্চালনায় ছিলেন আবৃত্তিশিল্পী কাজী মাহতাব সুমন।
বাংলা ও ইংরেজি ভাষায় বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা ভাষাচিত্র।
