২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবাজারে সরকারের ‘দায়িত্বহীনতা’ দেখছেন ফখরুল

ফখরুল বলছেন, আগুন যেন না লাগে তার ব্যবস্থা করার জন্য সরকারের সুনির্দিষ্ট বিভাগ রয়েছে, অথচ অগ্নিকাণ্ড বা দুর্ঘটনা বন্ধ করার কোনো ব্যবস্থা তারা নিতে পারেনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2023, 09:00 PM

Updated : 05 Apr 2023, 09:00 PM

বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণ করতে না পারা ‘সরকারের দায়িত্বহীনতার বহিঃপ্রকাশ’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার বিকালে এক ইফতারপূর্ব অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা বরাবরই বলে এসেছি যে, এই সরকার একটা দায়িত্বজ্ঞানহীন সরকার। তার কোথাও কোনো জায়গাতেই তাদের দায়িত্ব পালন করতে পারছে না।”

বঙ্গবাজারের ঘটনায় সরকারের ব্যর্থতা কোথায়, সেই ব্যাখ্যা দিতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, “আগুন কেন লাগছে? আগুন যেন না লাগে তার ব্যবস্থা করার জন্য সরকারের সুনির্দিষ্ট বিভাগ রয়েছে, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা রয়েছেন...।

“তারা কিন্তু এখন পর্যন্ত একটা রিপোর্ট সেখানে (বঙ্গবাজার মার্কেটে) বের করতে পারেননি। অগ্নিকাণ্ড বা দুর্ঘটনা বন্ধ করার কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেননি। শুধু আগুন নয়, সব রাস্তা… এটা কি চিন্তা করতে পারেন- একটা মৃত্যুকূপ। প্রতিদিন দেখবেন সড়ক পথে লোক মারা যাচ্ছে শত শত সারাদেশে…।”

মঙ্গলবার বঙ্গবাজারে ভয়াবহ আগুন লেগে টিন ও কাঠের নির্মিত এই কাপড়ের মার্কেট ভস্মীভূত হয়। আগুন বঙ্গবাজারের পশ্চিম পাশের সড়কের অপর প্রান্তের দুটি মার্কেটেও ছড়ায়। এই কয়েকটি মার্কেট মিলিয়ে ৫ হাজারের মত দোকান রয়েছে; তার অধিকাংশই পুড়েছে।

ফখরুল বলেন, “আজকে ইফতারের এই সময়ে আমাদের মন কিন্তু ভালো নেই। গতকাল বঙ্গবাজারে যে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে… এতে হাজার হাজার মানুষ যে নিঃস্ব হয়ে গেছে, তাদের আহজারি, তাদের কান্না এখন সারাদেশের মানুষকে ভারাক্রান্ত করেছে।” 

তিনি অভিযোগ করেন, “এই সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য সব রকমের নীতি নৈতিকতাকে বিসর্জন দিয়ে, সংবিধানকে পুরোপুরিভাবে বিসর্জন দিয়ে, মানুষের অধিকারকে পুরোপুরি লঙ্ঘন করে বেআইনি কাজগুলো নির্দ্বিধায় করে যাচ্ছে। আপনারা দেখেছেন, গতকাল কুমিল্লায় আমাদের একটা সমাবেশ ছিল ইফতারের… সেই ইফতারে অতর্কিতে তারা হামলা করে এবং সেখান থেকে প্রায় ২০/২৫ জনকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

বুধবার সকালে ময়মনসিংহে বিএনপির জেলার কমিটির এক বৈঠকে ‘পুলিশের উপস্থিতিতে আওয়ামী সন্ত্রাসীরা’ হামলা করেছে বলে অভিযোগ করেন ফখরুল।

তিনি বলেন, “কয়েকদিন আগে নাটোরে একইভাবে তারা হামলা করেছে। সেখানে কয়েকজনকে আহত করেছে, খুলনাসহ সারাদেশে আক্রমণ করেছে, আহত করেছে। অথচ তারা কথা বলে যে, এখানে গণতন্ত্র এমনভাবে দিয়েছে যে, এরচেয়ে বড় গণতন্ত্র আর কোথাও নেই।”

নেতাকর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, “আমি একটা কথা শুধু বলতে চাই, সেটা হচ্ছে এখন আর কথা বলে কোনো কাজ হবে না। এখন আমাদের রুখে দাঁড়াতে হবে, আমাদেরকে প্রতিবাদে সোচ্চার না, প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

আর এ প্রসঙ্গে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নার বক্তব্যের সূত্র ধরে তিনি বলেন, “মান্না সাহেব বলেছেন, এদেরকে (সরকার) আর যত সময় দেবেন তারা আরো ক্ষতি করবে দেশের, মানুষের, জাতির। কারণ, এরা এই জাতির সবচেয়ে বড় ক্ষতি করছে। আমাদের গণতন্ত্রের সমস্ত আকাঙ্ক্ষাগুলো ধ্বংস করে দিয়েছে, মানুষের নিরাপত্তাকে ধবংস করেছে, সংবিধানকে ধ্বংস করেছে।”

বিকালে মালিবাগে স্কাই সিটি হোটেলে ১২ দলীয় জোটের উদ্যোগে এই ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভা হয়।

১২ দলীয় জোটের সমন্বয়ক জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার সঞ্চালনায় এ আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিমও বক্তব্য দেন।

বিএনপির নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, আবদুল্লাহ আল নোমান, শামা ওবায়েদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শামসুর রহমান শিমুল বিশ্বাস, গণঅধিকার পরিষদের নুরুল হক নূর, ন্যাশনাল পিপলস পার্টির ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার তাসমিয়া প্রধান, এনডিপির আবু তাহের, বিএলডিপির শাহাদাত হোসেন সেলিম, গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী, জাতীয় পার্টির (কাজী জাফর) আহসান হাবিব লিংকনসহ ১২ দলীয় জোট ও গণতন্ত্র মঞ্চের নেতারা ইফতারে উপস্থিত ছিলেন।