অবরোধের তিন দিন: ঝরল ৩ প্রাণ, সড়কে জ্বলল ৩১ গাড়ি
সাপ্তাহিক ছুটির দুই দিন পর আবার ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি। পরে জামায়াত ও যুগপৎ আন্দোলনের সমমনা দলগুলোও একই কর্মসূচি দেয়।
বিএনপির ডাকা তিনদিনের অবরোধ কর্মসূচিতে দেশের বিভিন্ন এলাকায় সংঘাতে তিন জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এদের সবাই বিএনপি বা তার সহযোগী সংগঠনের রাজনীতি করতেন।
এই সময়ে সারা দেশে ৩১টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এসব আগুন মানুষের মনে ছড়িয়েছে আতঙ্ক।
কর্মসূচিতে ঢাকাসহ সারা দেশেই গণপরিবহনের চলাচল সীমিত হয়ে পড়ে। দূরপাল্লায় বাস তেমন ছিলই না। মহাসড়কের বিভিন্ন জায়গায় মালবাহী ট্রাকেও আগুন দেওয়া হয়েছে। ঢাকা শহরে আগুন আতঙ্কের মধ্যেই কিছু বাস চলাচল করেছে।
মঙ্গলবার অবরোধের প্রথম দিন কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপি মিছিল বের করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় গুলিতে দুই জনের মৃত্যুর অভিযোগ করেছে বিএনপি।
নিহতরা হলেন উপজেলার ছয়সূতি ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি রিফাত উল্লাহ এবং একই ইউনিয়নের কৃষক দলের সভাপতি বিল্লাল হোসেন।
একই দিন সিলেটে মৃত্যু হয় জিলু আহমদ দিলু নামে একজন। তাকে গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য বলছে বিএনপি।
তার মৃত্যু নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। অবরোধ চলাকালে পুলিশের ধাওয়া খেয়ে মোটরসাইকেলে করে পালানোর সময় গাছের সঙ্গে ধাক্কা খেয়ে তার মৃত্যু হয়েছে বলে দাবি পুলিশের। তবে বিএনপি নেতাদের অভিযোগ, দিলুকে গাড়ি দিয়ে ধাক্কা মেরে আহত করা হয়; পরে নির্যাতনে তার মৃত্যু হয়।
প্রথম দিন ভোর থেকেই দেশের নানা প্রান্তে সহিংসতা ছিল এক স্বাভাবিক চিত্র। একের পর এক বাসে আগুনের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগুন দেওয়ার ঘটনা ঘটেছে মোট ৩৪টি। এর মধ্যে ১৯টিই ঘটেছে রাতে।
এই ৩৪টি ঘটনায় পুড়েছে বাণিজ্যিক পণ্যের দুটি শো রুম আর একটি পুলিশ বক্স। বাকি ৩১টিই গাড়ি।
আগুনে পোড়া যানবাহনের মধ্যে ১৮টিই বাস। এছাড়া চারটি কভার্ড ভ্যান, পাঁচটি ট্রাক, একটি প্রাইভেটকার ও তিনটি মোটরসাইকেল পোড়ানো হয়েছে।
অবরোধের তিনদিনই ঢাকার রাস্তায় বিএনপি কর্মীদের তেমন তৎপরতা দেখা যায়নি। তবে হঠাৎ হঠাৎ যানবাহনে আগুন, রাস্তায় আগুন আর ককটেলের বিস্ফোরণ ঘটেছে বিভিন্ন জায়গায়।
গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশ ঘিরে কাকরাইলে সংঘর্ষের পর থেকেই ভাঙচুর ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। সমাবেশের পরদিন বিএনপি-জামায়াতের ডাকা হরতালেও এমন সহিংসতা হয়।
ফায়ার সার্ভিস তথ্য অনুযায়ী, ২৮ অক্টোবর দুপুর থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মোট ৮২টি আগুনের সংবাদ পেয়েছে সংস্থাটি, যাতে যানবাহন পুড়েছে অন্তত ৬৮টি।
২৮ অক্টোবর থেকে এখন পর্যন্ত অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আছেন একজন পুলিশ সদস্য, বিএনপি ও সহযোগী সংগঠনের রাজনীতিতে জড়িত পাঁচ জন। এদের মধ্যে একটি ঘটনায় বাসে আগুন দেওয়ার পর ধাওয়ার মুখে একজনের প্রাণ গেছে। তিন জন মারা গেছেন পুলিশের সঙ্গে সংঘর্ষে।
বাকিদের মধ্যে একজন গণমাধ্যমকর্মী, একজন বাস শ্রমিক।
অবরোধের তিন দিনই সন্ধ্যাবেলায় অজ্ঞাতবাস থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যোগ দিচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এসে আগামী রবি ও সোমবার আবারও অবরোধের ঘোষণা দেন তিনি।
বিএনপি নেতা বলেন, ‘‘গত ২৮ অক্টোবর মহাসমাবেশ থেকে এই পর্যন্ত আন্দোলনের পুলিশের গুলিতে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় আগামীকাল শুক্রবার বাদ জুমা সারাদেশে মসজিদের মসজিদে দোয়া মাহফিল হবে।
“এছাড়া আগামী রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা এক দফা দাবিতে সারাদেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে।”
বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা জোট ও দলগুলোও এ অবরোধ কর্মসূচি পালন করবে।
শেষ দিনেও আগুন
অবরোধের শেষ দিন বৃহস্পতিতার ভোরে মোহাম্মদপুরে একটি এবং সকালে উত্তরায় দুইটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সন্ধ্যায় মিরপুর স্টেডিয়াম এলাকায় আরেকটি বাসে আগুন দেওয়া হয়।
গাজীপুর থেকে সায়েদাবাদ পর্যন্ত চলা বলাকা পরিবহনের একটি বাসের চালক ওমর ফারুক জানাচ্ছেন, উত্তরায় বাসে আগুন জ্বলতে দেখে তড়িঘড়ি করে চলে আসেন সায়দাবাদে।
তিনি বলছিলেন, ‘চোখের সামনে বাসটা পুড়ে গেল’।
তার কাছ থেকে ঘটনার বর্ণনা শুনে সায়দাবাদ মোড়ে বলাকা পরিবহনের অন্য যে বাসগুলো অপেক্ষায় ছিল, সেগুলোও আর সড়কে নামেনি। রাস্তার পাশে সারি করে রেখে হরতাল-অবরোধে জীবন-ঝুঁকি নিয়ে বাস চালানোর আলাপই করছিলেন তারা।
অবরোধের প্রথম দুই দিনেও বাস চালাননি বলাকা পরিবহনের সোহেল মিয়া। মালিকের পীড়াপীড়িতে শেষ দিন সড়কে নামার প্রস্তুতি নেন তিনি। কিন্তু উত্তরায় আগুনের কথা জেনে পাল্টে ফেলেন সিদ্ধান্ত।
সোহেল বলেন, “পেটের দায়ে তো আসছিলাম গাড়ি বের করতে, কিন্তু জীবনের কিছু হলে কেডা দ্যাখবে।”
তৃতীয় দিন বাড়ে চলাচল তবে দূর পাল্লায় গাড়ি নগণ্য
অবরোধের তৃতীয় দিন ঢাকায় যানবাহনের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় বেশি ছিল।
মহাখালী বাস টার্মিনাল এলাকায় গাজীপুর-গুলিস্তান রুটে চলাচলকারী গাজীপুর পরিবহনসহ আরও কিছু বাস চলাচল করতে দেখা যায়। গুলিস্তান থেকে মগবাজার হয়ে সাতরাস্তা পর্যন্ত সকাল ১০টার দিকে গাজীপুর পরিবহনের একটি বাসে দাঁড়ানো যাত্রী দেখা না গেলেও তিব্বত ও নাবিস্কো মোড়ে বাসটি যাত্রীতে ভরে যায়, যাদের বেশিরভাগই অফিস ও কর্মস্থলমুখী।
অবরোধে দূর পাল্লার বাস চলবে, এমন ঘোষণা ঘটা করে দিয়েছিল মালিকপক্ষ। কিন্তু মহাখালী টার্মিনাল থেকে সকাল ১০টার দিকে জামালপুরগামী রাজীব পরিবহনের একটি বাস ছেড়ে যেতে দেখা যায়। দুপুর পর্যন্ত টার্মিনালের ভেতরে আর সড়কের দুই পাশে দাঁড়িয়ে ছিল দূরপাল্লার বাসগুলো।
সায়দাবাদ ও যাত্রাবাড়ী কাউন্টারগুলো থেকেওে সকালে দক্ষিণের পথে বাস ছেড়ে যেতে দেখা যায়নি খুব একটা। শীতাতপ নিয়ন্ত্রিত বাসগুলো শুক্রবার থেকে ছাড়ার কথা ভাবছেন কেউ কেউ, তবে সেটিও হরতাল-অবরোধ কর্মসূচির পরবর্তী সিদ্ধান্ত বুঝে।
পটুয়াখালীর উদ্দেশে উত্তরা থেকে দুই জন যাত্রী নিয়ে সায়দাবাদে এসেছিল লাবিবা পরিবহনের একটি বাস। কিন্তু সায়দাবাদে আর যাত্রী না পাওয়ায় যাত্রী দুজনকে অন্য বাসে তুলে দিয়েছেন চালক ও সহকারীরা।
বাসটির সায়দাবাদ কাউন্টারের ব্যবস্থাপক নাইম ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই জন লইয়া কীভাবে যাব?”
যাত্রাবাড়ী থেকে যশোরগামী ডিএম পরিবহনের একটি বাসের চালক লিটন সরদার বলেন, “দেড় ঘণ্টা লাগছে ৩১ জন যাত্রী পাইতে। সিট ৬১টা থাকলেও অর্ধেক যাত্রী নিয়া রওয়ানা দিতাছি। রাস্তায় পাইলে লমু।”
ঢাকা থেকে ফরিদপুরগামী গেল্ডেন লাইন পরিবহনের যাত্রাবাড়ী কাউন্টারের বিক্রয়কর্মী বাদল মিয়া বলেন, “সকাল ৭টায় একটা বাস গেছে অর্ধেক যাত্রী নিয়ে। সব বাস তো নামেনি। সব ড্রাইভারও যাইতে চায় না। আর যাত্রীও নাই।”
সন্ধ্যার পর যাত্রীর চাপ
অবরোধ ঘোষণা করা আছে শুক্রবার ভোর পর্যন্ত। তবে বৃহস্পতিবার সন্ধ্যার পর টার্মিনালগুলোতে যাত্রীরা আসতে থাকেন।
বিকেল থেকেই যাত্রীদের ফোন পেয়ে প্রস্তুতি রাখার বিষয়টি জানিয়ে রেখেছিলেন হানিফ পরিবহনের সায়দাবাদ জনপদ মোড়ের কাউন্টার ব্যবস্তাপক মোহাম্মদ শামীম।
রাতে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘বিকেল থেকেই যাত্রীর চাপ বাড়ছিল। কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে পানিনি সন্ধ্যা পর্যন্ত। পরে কর্মসূচি দেখে বাস টার্মিনাল থেকে বের করা হয়।’’
রাতেই কক্সবাজারে রওয়ানা হতে বান্ধবীকে নিয়ে সায়দাবাদ এসেছেন শিউলী আক্তার।
কর্মজীবী নারী শিউলি বলেন, ‘‘মানসিক প্রস্তুতি ছিল। সন্ধ্যার পর পরই চলে এসেছি। অনলাইনে টিকেট কেটেছি। রাত ১২টার বাসে যাব। কিন্তু তার আগেই চলে এসেছি।’’
সন্ধ্যায় শ্যামলী পরিবহনের সায়দাবাদ মোড়ের কাউন্টারের টিকেট বিক্রয় কর্মী রায়হান ইসলাম তাদের এসি বাসের টিকেটও বিক্রি করতে শুরু করেন।
তিনি টকমকে বলেন, ‘‘কেউ ফোন করে আসছেন, কেউ এসেই টিকেট কাটছেন।’’
শরীয়তপুর, বরিশাল, পটুয়াখালী, খুলনা ও যশোরগামী সাকুরা পরিবহনের যাত্রাবাড়ী কাউন্টারের ব্যবস্থাপক মোহাম্মদ বিল্লাল বলেন, “সকালে কয়েক ট্রিপ চলছে বাস ফরিদপুর রুটে। এখন সব রুটে বাস রেডি, চালকরাও চলে এসেছেন। সারারাত বাস থাকবে যতোক্ষণ যাত্রী থাকে।
লঞ্চেও যাত্রী কম
যাত্রী কম থাকায় অবরোধের তিনদিনই লঞ্চ চলেছে স্বাভাবিক চেয়ে অনেক কম। বৃহস্পতিবার সকালের শিডিউলের তিনটি লঞ্চ ছেড়ে যেতে পারেনি বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিটিএ) পরিবহন পরিদর্শন এবিএস মাহমুদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত চাঁদপুরের উদ্দেশে সোনার তরী-২ ও ইমাম হাসান ছেড়ে যায়। ভোলার ইলিশার উদ্দেশে ছেড়ে যায় দোয়েল পাখি-১০ ও কর্ণফুলী-১৪। বরিশালের মুলাদীর উদ্দেশে ছেড়ে যায় দ্বীপরাজ-৪ এবং মৃধারহাটের ছেড়ে যায় আওলাদ-২। শরীয়তপুরের নড়িয়ার দিকে ছেড়ে যায় সুরেশ্বর -১ ।
