২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীন দেশেও বিএনপি একটি ‘পরাধীন’ দল: কাদের

“ভুল রাজনীতির খেসারত দিচ্ছে তারা। পাকিস্তানি ভূত তাদের মাথা থেকে যায়নি।”

স্বাধীন দেশেও  বিএনপি একটি ‘পরাধীন’ দল: কাদের

বাংলাদেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2023, 06:39 PM

Updated : 24 Jun 2023, 06:39 PM

বিএনপি স্বাধীন দেশের রাজনৈতিক দল হয়েও মনোজগতে ‘পরাধীন’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, সেই কারণেই দলটির নেতারা জনগণের কাছে না গিয়ে ‘বিদেশি দূতাবাসে গিয়ে ষড়যন্ত্র করে’।

শনিবার এক বিৃবতিতে কাদের বলেন, “বিএনপি এখন আত্মদহনে দগ্ধ। ভুল রাজনীতির খেসারত দিচ্ছে তারা। পাকিস্তানি ভূত তাদের মাথা থেকে যায়নি।

“যাদের জন্ম ও বিকাশ ষড়যন্ত্রের মাধ্যমে তারা সে বৃত্ত থেকে বের হয়ে আসতে পারবে না। তাই তারা জনগণের কাছে না গিয়ে বিদেশি দূতাবাসে ধরণা দিচ্ছে; দেশবিরোধী ষড়যন্ত্র করছে।"

বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির নেতাদের ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত’ বক্তব্যের নিন্দা জানিয়ে কাদের বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের জন্য রাজনীতি করে। জনগণের পাশে আছে, জনগণের পাশেই থাকবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “শেখ হাসিনা মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন। বিএনপিই দেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছে। প্রকাশ্যে ভোট ডাকাতির মাধ্যমে গণতন্ত্র এবং ভোটাধিকার হরণে বিএনপি রেকর্ড সৃষ্টি করেছে। যারা দেশকে ভঙ্গুর এবং পরনির্ভরশীল করে রেখে গিয়েছিল, তারা আজ দেশের অর্থনৈতিক অর্জন নিয়ে সমালোচনা করে! তারা প্রতিনিয়ত মিথ্যাচারের ফানুস উড়াচ্ছে।

“শেখ হাসিনার সরকার দেশের অর্থনীতিকে শক্তিশালী কাঠামোর উপর দাঁড় করিয়েছেন। বাংলাদেশ আজ বিশ্বের অর্থনৈতিকভাবে এক উদীয়মান শক্তি। দেশের এই অর্জন-সমৃদ্ধি তারা (বিএনপি) কখনও মেনে নিতে পারে না। বিএনপি রাজনীতি হচ্ছে পরশ্রীকাতরতা এবং দ্বিচারিতায় পূর্ণ।”

বিএনপির কৃতজ্ঞতাবোধ নেই মন্তব্য করে কাদের বলেন, “বেগম জিয়াকে সরকার আটক করে রাখেনি। তিনি আদালতের রায়ে শাস্তি ভোগ করছেন। বরং শেখ হাসিনা উদারতার পরিচয় দিয়ে নির্বাহী আদেশে তার শাস্তি স্থগিত রেখেছেন এবং তাকে বাসায় অবস্থানের সুযোগ করে দিয়েছেন। শেখ হাসিনার এ বদান্যতার প্রতি তারা কৃতজ্ঞ থাকা উচিত ছিল। অথচ তারা কৃতঘ্নতার পরিচয় দিচ্ছে।

“বিএনপি শাসনামলে তারেক জিয়ার নেতৃত্বে দুর্নীতি ও অর্থপাচার প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল। এ দেশে জিয়া পরিবারের গল্প মানুষ জানে। ভাঙ্গা স্যুটকেসের গালভরা গল্প মানুষ ভুলে যায়নি। ভাঙ্গা স্যুটকেস থেকে বিলাসবহুল জাহাজ বেরিয়ে আসতেও দেখেছে জনগণ। বিদেশে পাচারকৃত জিয়া পরিবারের অর্থের কিছু অংশ দেশে ফেরতও আনা হয়েছে।"