২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলন কর্মসূচি নিয়ে গণফোরাম, পিপলস পার্টির সঙ্গে বিএনপির আলোচনা

গত কয়েকদিনে ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, লেবার পার্টি, গণঅধিকার পরিষদের দুই অংশ এবং এনডিএমের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2023, 09:13 PM

Updated : 17 Oct 2023, 09:13 PM

দুর্গাপূজার পরে সরকার হটানোর ‘চূড়ান্ত কর্মসূচি’ নিয়ে গণফোরাম ও পিপলস পার্টির সঙ্গে আলোচনা করেছে বিএনপি।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে দেড় ঘণ্টা গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়। লন্ডন থেকে স্কাইপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে যুক্ত হন।

বৈঠকের পর দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “যুগপৎ আন্দোলনের সাথে যারা জড়িত সবাই একেবারে সক্রিয়ভাবে আন্দোলনের প্রতিটি কর্মসূচি পালন করছে। এই আন্দোলনে আমরা সাধারণ মানুষ সম্পৃক্ত করতে পেরেছি। ফলে আন্দোলন একটি সফল সমাপ্তির দিকে যাচ্ছে বলে আমরা বিশ্বাস করি।

“এই প্রেক্ষাপটে আমরা বসেছি, মতবিনিময় করেছি, আন্দোলনের বিভিন্ন দিকগুলো বিশ্লেষণ করেছি। তার মাধ্যমে আগামী দিনে আন্দোলনের কর্মসূচি কি হবে সবাই মতামত দিয়েছেন এবং সেইভাবে আমরা সফল সমাপ্তির দিকে এগিয়ে যাব।”

গণফোরামের সভাপতি মোস্তফা মোহসিন মন্টু বলেন, “বাংলাদেশের জনগণের একটি মাত্র দাবি, অবাধ সুষ্ঠু নির্বাচন। সেই নির্বাচন হতে হবে নির্দলীয় সরকারের অধীনে। এর কোনো বিকল্প নাই।

“আমরা অতীতে ২০১৪ ও ২০১৮ এর নির্বাচন দেখেছি। বর্তমানে যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি আমাদের আঠারো সালে পরিষ্কার বলেছিলেন ‘আমি বঙ্গবন্ধু কন্যা কথা দিচ্ছি যে, নির্বাচন অবাধ সুষ্ঠু হবে, আপনারা নির্বাচনে আসেন’। সেই নির্বাচনে আমরা আশা নিয়ে গিয়েছিলাম, সেই নির্বাচনের পরিণতি কি হয়েছে আপনারা জানেন।”

তিনি বলেন, “সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে বলে আজকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশ্নটা এসেছে, এই প্রশাসনের অধীনে সুষ্ঠু অবাধ নির্বাচন সম্ভব নয়। ওদের অধীনে নির্বাচনে যাওয়া মানে বৈধ্যতা দিয়ে দেয়া। বার বার এভাবে অবৈধতা মেনে দেয়া যায় না। আজকে দেশকে যে জায়গায় নিয়ে এসেছে, এখন এখানে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। নিরপেক্ষ সরকারের কোনো বিকল্প নেই। আমরা এই লক্ষ্যে আন্দোলন করছি।”

বর্তমান সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দেওয়া বিএনপি ও সমমান দলগুলো দুর্গাপূজা শেষে ‘কঠোর কর্মসূচি’ দেওয়ার কথা বলেছে।

বৈঠকে গণফোরামের অধ্যাপক আবু সাইয়িদ, সুব্রত চৌধুরী, জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আবদুল কাদের এবং পিপলস পার্টির বাবুল সরদার চাখারি, মোহাম্মদ আবদুল কাদের ও পারভিন নাসের খান ভাসানী উপস্থিত ছিলেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বৈঠকে উপস্থিত ছিলেন।

গত কয়েকদিনে ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, লেবার পার্টি, গণঅধিকার পরিষদের দুই অংশ এবং এনডিএমের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছে বিএনপি।