ঢাকা জেলা আওয়ামী লীগে পুরনো সভাপতির সঙ্গে নতুন সম্পাদক
আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আট বছর পর সম্মেলনে ঢাকা জেলা আওয়ামী লীগে ফের সভাপতি হয়েছেন বেনজীর আহমেদ, সাধারণ সম্পাদক হয়েছেন পনিরুজ্জামান তরুণ।
শনিবার রাজধানীর আগারগাঁও শেরে বাংলা নগর পুরাতন বাণিজ্য মেলার মাঠে সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমেদের সভাপতিত্বে ঢাকা-২ আসনের সংসদ সদস্য কামরুল ইসলাম এই সম্মেলন উদ্বোধন করেন।
নতুন সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ ঢাকা জেলা আওয়ামী লীগের আগের কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। ২০১৪ সালে সাভারের অধর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে ওই সম্মেলন হয়েছিল।
সেখানে ২০০৪ সাল থেকে একই পদে দায়িত্ব পালন করা বেনজীর আহমেদকে সভাপতি ও মাহবুবুর রহমানকে সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত করা হয়। সম্মেলনের ২১ মাস পর ২০১৬ সালের ১ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়েছিল।
পনিরুজ্জামান তরুণের বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর ইউনিয়নের কোরমগঞ্জে। ১৯৯৮ সালে ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি, ২০০২ সালে কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সর্বশেষ ২০১৬ সাল থেকে ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।
নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণার আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, উপদেষ্টা পরিষদের সদস্য সালমান ফজলুর রহমান, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক সামসুন্নাহার চাঁপা, কার্যনির্বাহী সদস্য এবিএম রিয়াজুল কবীর কাওছার, আনোয়ার হোসেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিদ্যুত ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর রহমান বক্তব্য দেন।
