২৭ অক্টোবর জরুরি সভা ডেকেছে ছাত্রলীগ
শুক্রবার বিকেল ৩টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা হবে।
বিএনপি ও জামায়াতের মহাসমাবেশের ঘোষণা সামনে রেখে ২৭ অক্টোবর জরুরি সভা ডেকেছে ছাত্রলীগ।
বুধবার ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শুক্রবার বিকেল ৩টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের একটি জরুরি সভা হবে।”
সভায় কেন্দ্রীয় নির্বাহী সংসদের সকল সদস্যকে উপস্থিত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকারের পদত্যাগের এক দফা আন্দোলনে থাকা বিএনপি ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে নিজেদের দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করতে চায়। সেজন্য তারা ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদনও করেছে।
একই দিনে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইটে পাল্টা শান্তি সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ। সেদিন রাজধানী দখলে রাখার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন দলটি।
বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে না থাকলেও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ২৮ অক্টোবর মতিঝিলের শাপলা চত্বরে মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বুধবার বলেছেন, কোনো দলের বিষয়েই এখনও সিদ্ধান্ত দেয়নি ঢাকা মহানগর পুলিশ। তবে নিবন্ধন না থাকায় জামায়াতকে সমাবেশ করার অনুমতি দেওয়া হবে না
