২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার ‘ডামি’ নির্বাচন করতে চলেছে: বাম জোট

“সরকার রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করে সকলের অংশগ্রহণে নির্বাচনের পথে না হেঁটে একতরফা নির্বাচনের পথে হাঁটলেন।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2024, 12:56 AM

Updated : 05 Jan 2024, 12:59 AM

আগামী ৭ জানুয়ারি যে সংসদ নির্বাচন হতে যাচ্ছে, সেটিকে ‘ডামি’ বর্ণনা করে ভোট বর্জনের আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

বৃহস্পতিবার মুক্তি ভবনে সংবাদ সম্মেলন করে ভোটার, প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্টদের প্রতি এ আহ্বান জানানো হয়।

লিখিত বক্তব্যে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ইকবাল কবির জাহিদ বলেন, “সরকার একতরফা প্রহসনের ডামি নির্বাচন করতে চলেছে। বিগত ১১টি জাতীয় সংসদ নির্বচিনের অভিজ্ঞতা থেকে বাম জোটসহ বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষজ্ঞরা সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের যে দাবি করে এসেছিল এবং যে সমস্ত প্রস্তাবনা দেওয়া হয়েছিল, তার সবই উপক্ষো করে একটি নজিরবিহীন কলঙ্কজনক নির্বাচনের দ্বারপ্রান্তে বাংলাদেশ।

“আইনি বৈধতার নামে গণতান্ত্রিক মূল্যবোধ বিসর্জনের এই নির্বাচন দেশে স্থায়ীভাবে এক অশান্তির আগুন জ্বালিয়ে রাখবে।”

জাহিদ বলেন, “নির্বাচনকে সামনে রেখে সংসদ সদস্য ও প্রার্থীদের হলফনামার যে সম্পদ বিবরণী সংবাদপত্রে বেরিয়েছে, তা দেশবাসীকে রীতিমত হতবাক করেছে। এটাতো আইনি হিসেবে। প্রশ্ন উঠেছে, এর বাইরে থাকা সম্পদের হিসাব কে রাখবে? প্রশ্ন উঠছে, সংসদ সদস্যরা জনগণের স্বার্থে দায়িত্ব পালন করেন নাকি ব্যবসা বাণিজ্য ও অর্থ উপার্জনে সংসদ সদস্য পদ ব্যবহার করেন?”

বাম জোটের সমন্বয়ক বলেন, “আমরা প্রথম থেকেই বলে আসছি, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন না হলে দেশের চলমান রাজনৈতিক সংকট, সংঘাত-সংঘর্ষ আরও তীব্রতর হবে। ধেয়ে আসা অর্থনৈতিক সংকট আরও তীব্র হবে দেশ নতুন ধরনের সংকটে পড়বে।

“সরকার এ অবস্থায় রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করে সকলের অংশগ্রহণে নির্বাচনের পথে না হেঁটে একতরফা নির্বাচনের পথে হাঁটলেন। এই নির্বাচন ২০১৪ ও ২০১৮ এর নির্বাচনের ধারায় নতুন ধরনের প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।”

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু।