প্রত্যক্ষ বা পরোক্ষ সেনা শাসনে উন্নতি হয়নি: প্রধানমন্ত্রী
“যখনই রাজনৈতিক নেতারা ক্ষমতায় ছিলেন, বাংলাদেশ ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তির মত প্রতিটি খাতে অলৌকিক উন্নয়ন প্রত্যক্ষ করেছে,” বলেন শেখ হাসিনা।
সামরিক শাসন বা ‘পরোক্ষ’ সেনা শাসনে যে বাংলাদেশের কোনো অগ্রগতি হয়নি, দেশবাসীর কাছ থেকে সেই উপলব্ধি চাইছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বাংলাদেশের সব অগ্রগতি রাজনৈতিক সরকারের সময়েই হয়েছে।
২০০৯ সাল থেকে ‘অভূতপূর্ব উন্নতি’ এই ‘রাজনৈতিক সিদ্ধান্তের’ কারণেই সম্ভব হয়েছে বলে তার ভাষ্য।
“বাংলাদেশ কখনই প্রত্যক্ষ বা পরোক্ষ সামরিক স্বৈরশাসনের অধীনে এমন অগ্রগতি প্রত্যক্ষ করেনি। দেশবাসীর এটা উপলব্ধি করা উচিত,” বলেন প্রধানমন্ত্রী।
রোববার গণভবনে জাতীয় প্রশিক্ষণ কাউন্সিলের (এনসিটি) অষ্টম সভায় সরকারপ্রধানের এমন বক্তব্য আসে।
২০০৯ সালে ক্ষমতায় আসার পর ১৪ বছরে ‘অক্লান্ত পরিশ্রমে’ বাংলাদেশ একটি মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছেছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, “বিশ্ব বর্তমানে বাংলাদেশকে সম্মান দেখাচ্ছে। এটি আমাদের জন্য সবচেয়ে বড় অর্জন।”
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে দেশ পরিচালনা করায় বাংলাদেশ এত মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছেছে বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনা বলেন, “দারিদ্র্য ও ক্ষুধামুক্ত সোনার বাংলাদেশ গড়ার জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ অনেকটাই বাস্তবায়ন করেছে।”
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর করা খানা জরিপে দারিদ্র্যের হার কমে আসা নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “কোভিড-১৯ মহামারী এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সত্ত্বেও বাংলাদেশের অগ্রগতি হয়েছে। আমরা দারিদ্র্যের হার ১৮.৭ শতাংশ এবং হার্ডকোর দারিদ্র্যের হার ৫.৬ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছি। ইনশাআল্লাহ, বাংলাদেশে কোনো চরম দারিদ্র্য থাকবে না।”
প্রধানমন্ত্রী বলেন, “যখনই রাজনৈতিক নেতারা ক্ষমতায় ছিলেন, বাংলাদেশ ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তির মত প্রতিটি খাতে অলৌকিক উন্নয়ন প্রত্যক্ষ করেছে। রাজনৈতিক সিদ্ধান্ত ও ব্যবস্থাপনা ছাড়া কোনো দেশই উন্নতি করতে পারে না।”
তার সরকারের টানা তিন মেয়াদের শাসনামলের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “আমি দাবি করতে পারি যে ২০০৯-২০২৩ সাল পর্যন্ত অভূতপূর্ব উন্নয়ন হয়েছে তা রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে হয়েছে।”
বাংলাদেশের সব কিছু হবে ‘স্মার্ট’
আওয়ামী লীগ সরকারের দেওয়া দীর্ঘমেয়াদী উন্নয়ন লক্ষ্য রূপকল্প ২০৪১ এবং আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে গৃহীত স্লোগান ‘স্মার্ট বাংলাদেশ’ নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী।
‘স্মার্ট বাংলাদেশ’ কী তা নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে উল্লেখ করে তিনি বলেন, “প্রযুক্তিগত প্রশিক্ষণ দিয়ে আমরা একটি স্মার্ট জনসংখ্যা গড়ে তুলব। আমাদের অর্থনীতি হবে প্রযুক্তিভিত্তিক স্মার্ট অর্থনীতি। এমনকি আমাদের স্বাস্থ্য ও কৃষিও হবে প্রযুক্তিনির্ভর এবং যান্ত্রিক। আমরা এই সব জিনিসে স্মার্ট হতে চাই।”
তিনি বলেন, “একটি জাতির উন্নয়নের জন্য শুধুমাত্র প্রশিক্ষণের প্রয়োজন। বিশ্ব পরিবর্তনশীল। এই সময়টি প্রযুক্তির যুগ। প্রযুক্তিগত অগ্রগতির সাথে মোকাবিলা করে আমাদের এগিয়ে যেতে হবে।”
এনসিটিকে প্রশিক্ষণ নীতিমালা প্রণয়নের পাশাপাশি পর্যালোচনা ও মূল্যায়ন এবং সময় উপযোগী করে তোলার দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “আমাদের পর্যায়ক্রমে এগিয়ে যেতে হবে। আমরা সমগ্র জনসংখ্যাকে সম্পৃক্ত করে উন্নতি করতে চাই। কেউ পিছিয়ে থাকবে না এবং আমরা সবাইকে নিয়ে সমৃদ্ধির দিকে পা বাড়াব।”
প্রধানমন্ত্রী বলেন, তিনি বিশ্বাস করেন বাংলাদেশ অদম্য গতিতে আর্থ-সামাজিক উন্নয়নের দিকে অগ্রসর হবে।
