২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমার বিরুদ্ধেও ‘গায়েবি’ মামলা সেঞ্চুরি ছুঁইছুঁই: ফখরুল

“বেশির ভাগ দেখবেন যে- দুপুরের পরে প্রোগ্রামে আসেন।কেন? সকালে আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন,“ বলেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2024, 02:01 PM

Updated : 28 Jan 2024, 02:01 PM

বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে সরকার বিপুল সংখ্যক ‘মিথ্যা ও গায়েবি’ মামলা দিয়ে ‘হয়রানি’ করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, “আমরা প্রায় প্রতিদিন নিম্ন আদালতে যাই এবং নিম্ন আদালতে যাই আমাদের মামলা আছে বলে। এই যে এখানে বসে আছেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল (যুগ্ম মহাসচিব) সাহেব তার মামলা ৪০০টা হবে, হাবিব উন নবী খান সোহেলের (যুগ্ম মহাসচিব) ৪১৮টা।

“আর আমি ক্ষুদ্র মানুষ… আমার বিরুদ্ধেও ৯৮টা; দুইটা বাকি আছে সেঞ্চুরি করতে। এই যে অবস্থাটা এটা কিন্তু দেখবেন যে- সবাই আমাদের যারা রাজনৈতিক কর্মী একজনও বাদ নেই।”

বৃহস্পতিবার দুপুরে গুলশানের একটি হোটেলে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, “যে কথাটা এখানে একজন বক্তা সুন্দর বলেছেন যে সকালে তারা পলিটিক্যাল প্রোগ্রামে আসতে পারেন না। বেশির ভাগ দেখবেন যে- দুপুরের পরে আসেন।কেন? সকালে আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন।“

ঢাকার নিম্ন আদালতে মানুষ গিজগিজ করে মন্তব্য করে তার দাবি, “এসব মানুষ বিএনপির সঙ্গে জড়িত, বিরোধী দলের সঙ্গে জড়িত।এটা একটা বিস্ময়কর অবস্থা।

“আমার মনে হয় নিউ ইয়র্ক টাইমসে যে লেখাটা বেরিয়েছে, এই লেখাটা পড়লে বোঝা যাবে কোন জায়গায় পৌঁছেছে বাংলাদেশের অবস্থাটা যে- নীরবে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। সাইলেন্টলি। আজকে এই অবস্থাটা বাংলাদেশে বিরাজ করছে। আদালত হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে।”

সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের কো-কনভেনর অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।

সেমিনারে হাই কোর্টের অবসরপ্রাপ্ত দুই বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও মিফতাহ উদ্দিন চৌধুরী উচ্চ আদালতের বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।

ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের আহ্ববায়ক সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও ব্যারিস্টার কায়সার কামালের সঞ্চালনায় সেমিনারে বক্তৃতা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক বোরহান উদ্দীন খান, সুপ্রিম কোর্টের ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট মহসিন রশিদ, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)