১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

কূটনীতিকদের নিরাপত্তাও ‘প্রশ্নবিদ্ধ’: খসরু

“কূটনীতিকদের ভয়ভীতি দেখিয়ে একটা ভিন্ন পরিবেশ সৃষ্টি করে সরকার ক্ষমতায় থাকার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে”, অভিযোগ তার।

কূটনীতিকদের নিরাপত্তাও ‘প্রশ্নবিদ্ধ’: খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2022, 11:35 PM

Updated : 15 Dec 2022, 11:54 PM

ঢাকায় একটি সংগঠনের সমন্বয়কারীর বাসায় গিয়ে মার্কিন রাষ্ট্রদূতের আরেকটি সংগঠনের ‘তোপের মুখে পড়ার’ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এসময় কূটনীতিকদের নিরাপত্তা ‘প্রশ্নবিদ্ধ’ হচ্ছে বলেও মন্তব্য করেন দলটির আন্তর্জাতিক সম্পর্ক কমিটির প্রধান খসরু।

বৃহস্পতিবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের কাছে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “একজন কূটনীতিক একটা বিশেষ অনুষ্ঠানে গিয়েছেন। সেখানে যাওয়ার পরে সরকারি দলের মদদে তাদের সহযোগিতায় কিছু লোক আরেক প্রতিষ্ঠানের নাম নিয়ে উপস্থিত হওয়াটাই আইনবিরোধী।

“কেউ যদি তাদের নিজস্ব অনুষ্ঠান করতে চায় ফ্রিডম আছে, করতে পারে। কিন্তু আরেকটা অনুষ্ঠান গিয়ে সেই অনুষ্ঠানকে অনেকটা বাধাগ্রস্থ করার যে একটা প্রক্রিয়া এবং সেটাকে অন্য দিকে নিয়ে যাওয়ার প্রক্রিয়া- এটা অগণতান্ত্রিক।”

তিনি বলেন, “আপনাদের মনে থাকার কথা, বিএনপির একটি মানবাধিকার অনুষ্ঠান আমরা করেছি একটি হোটেলে। সেখানেও তারা; একই লোকজন, ‘মায়ের কান্না’ নাম সংগঠনটির, হোটেলের বাইরে অবস্থান নিয়ে অনুষ্ঠানটি বাধাগ্রস্থ করার চেষ্টা করেছে।”

তার অভিযোগ, “বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে এগুলোকে বাধাগ্রস্থ করার চেষ্টা সরকারি মদদে- এটা আওয়ামী লীগের চরিত্রে পরিণত হয়েছে।

“একদিকে এটা বাংলাদেশের মানুষ যেরকম নিরাপত্তাহীনতায় ভুগছে, এখন দেখা যাচ্ছে কূটনীতিকদের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশে।”

খসরু বলেন, “অতীতে অ্যাম্বাসেডর মার্শা বার্নিকাটের ওপর আক্রমণ হয়েছিল তাদের বিরুদ্ধে তো কোনো শাস্তি হয়নি। সেখানেও বোঝা গেছে সরকারের উদ্দেশ্য কী। এর পেছনে কারা আছে।”

বুধবার সকালে তেজগাঁওয়ের শাহীনবাগে নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় গিয়েছিলেন রাষ্ট্রদূত পিটার হাস। পরে ওই বাসার সামনে জড়ো হন ‘মায়ের কান্না’ নামের আরেকটি সংগঠনের কর্মীরা।

তখন রাষ্ট্রদূত আগেভাগে ওই বাসা থেকে বের হন। এসময় মায়ের কান্নার কর্মীরা তার হাতে স্মারকলিপি তুলে দেওয়ার চেষ্টা করলে তড়িঘড়ি করে পিটার হাস গাড়িতে করে ওই স্থান ত্যাগ করেন।

এ বিষয়ে খসরু বলেন, তারা (সরকার) চাচ্ছে যে, এই ধরনের ঘটনা ঘটুক। এর মাধ্যমে একটা ভয়ভীতির পরিবেশ সৃষ্টি হোক। দেশের মানুষকে ভয়ভীতির মাধ্যমে চেপে রাখতে চাচ্ছে।

পুরানো খবর:

নিখোঁজ বিএনপি নেতার বাসা থেকে তড়িঘড়ি ফিরলেন মার্কিন রাষ্ট্রদূত

“এখন কূটনীতিদেরও তারা ভয়ভীতির একটা ভিন্ন পরিবেশ সৃষ্টি করে এই অবৈধ সরকার ও এই দখলদার সরকার অব্যাহতভাবে ক্ষমতায় থাকার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে- এটাই তা প্রমাণ করে।”

পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতি ইঙ্গিত করে এই বিএনপি নেতা বলেন, “আর বলা হচ্ছে যে, তাদেরকে বলা হয়নি। তার মানে এটার অর্থ যে, সরকারকে না বলে কোনো অনুষ্ঠানে যাওয়া যাবে না। এটা কোথায় আছে? তাদেরকে যদি বলা না হয় দুদিন ধরে সেখানে (শাহীনবাগ) পুলিশের ঘোরাঘুরি হচ্ছে। আর অ্যাম্বাসেডরের সাথেও তো পুলিশের বহর আছে। সরকার অবগত আছেন।

তিনি বলেন, “এই ধারা চলতে থাকলে দেশের মানুষের... সাথে সাথে বিদেশি কুটনীতিকদের নিরাপত্তা যদি প্রশ্নবিদ্ধ হয়... সেই দেশের সত্যিকার চরিত্র তাদের (সরকার) এই সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিফলন ঘটছে।”

এসময় দলের সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

পুরানো খবর:

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আড়াই বছর পর আদালতে অভিযোগপত্র