গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটিতে ৭ জন
বিএনপি ও এলডিপিও আলাদা লিয়াজোঁ কমিটি গঠনের কথা জানিয়েছে।
সরকার পতনের যুগপৎ আন্দোলনে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয় করতে সাত সদস্যের লিয়াজোঁ কমিটি গঠন করার কথা জানিয়েছে গণতন্ত্র মঞ্চ।
সোমবার রাতে নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক এস এম এ কবীর হাসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সাত দলের গণতন্ত্রের মঞ্চের এই লিয়াজোঁ কমিটিতে আছেন- জেএসডির আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম ও গণঅধিকার পরিষদের নুরুল হক নুর।
সোমবারই বিএনপি ও এলডিপি আলাদা লিয়াজোঁ কমিটি গঠনের কথা জানিয়েছে।
যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি হিসেবে বিভিন্ন বিভাগ ও জেলা সদরে গত ২৪ ডিসেম্বর গণমিছিল করে বিএনপিসহ সরকারবিরোধী দলগুলো। ঢাকায় এ কর্মসূচি হবে আগামী ৩০ ডিসেম্বর।
