ছাত্র অধিকার পরিষদের আরও ১৫ নেতা-কর্মীর জামিন
ছাত্র অধিকার পরিষদের এই ১৫ নেতা-কর্মীকে কারামুক্ত হতে আরেকটি মামলায় জামিন পেতে হবে।
ছাত্রলীগ নেতাদের করা দুই মামলার একটিতে জামিন পেয়েছেন ছাত্র অধিকার পরিষদের আরও ১৫ নেতা-কর্মী।
ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ বিলকিছ আক্তার সোমবার তাদের জামিন মঞ্জুর করেন।
গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আবু হানিফ জানান, এদিন যারা জামিন পেয়েছেন, তারা হলেন– আরিফুল ইসলাম, তসলিম হোসাইন অভি, তাওহীদুল ইসলাম তুহিন, মামনুর রশিদ, নাজমুল হাসান, এইচ এম রুবেল হোসেন, ইউসুফ হোসেন, মিজান উদ্দিন, ওমর ফারুক জিহাদ, মো. আবু কাউছার, মো. মোয়াজ্জেম হোসেন রনি, শাহ ওয়ালিউল্লাহ, রাকিব, সাজ্জাদ হোসেন পারভেজ ও মো. রাকিব।
আসামিপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাজধানীর শাহবাগ থানায় ছাত্র অধিকার পরিষদের নেতাদের বিরুদ্ধে দায়ের করা দুই মামলার একটিতে তাদের জামিন হল। কারামুক্ত হতে তাদের অপর মামলাতেও জামিন পেতে হবে।”
আগামী ২০ নভেম্বর অপর মামলায় তাদের জামিন শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ৭ নভেম্বর সংগঠনের সভাপতি আকতার হোসেনসহ ৮ জনকে দুই মামলায় জামিন দেয় আদালত।
বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে গত ৭ অক্টোবর ঢাকা বিশ্বিবদ্যালয়ের টিএসসি এলাকায় ছাত্র অধিকার পরিষদের কর্মসূচির মধ্যে ছাত্রলীগের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
এসময় ছাত্র অধিকার পরিষদের আহত কর্মীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের ওপর চড়াও হয় ছাত্রলীগ।
দুই পক্ষের উত্তেজনার পর ছাত্র অধিকার পরিষদের ২৪ জনকে গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ।
এরপর ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ এনে সংগঠনটির দুই কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন ও আমিনুর রহমান বাদী হয়ে শাহবাগ থানায় দুটি মামলা দায়ের করেন। সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয় ছাত্র পরিষদের নেতা-কর্মীদের।
ছাত্র অধিকার পরিষদের সভাপতি আখতার হোসেন ও সাধারণ সম্পাদক আকরাম হোসেনকে এ মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ।
