২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গণসংহতি আন্দোলনের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল, বাংলাদেশ তার উল্টোপথে হাঁটছে বলে মন্তব্য করেছেন জোনায়েদ সাকি।

গণসংহতি আন্দোলনের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধা জানায় গণসংহতি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2022, 11:15 PM

Updated : 29 Aug 2022, 11:15 PM

মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের আকাঙ্ক্ষার যে বাংলাদেশ গঠিত হয়েছিল, দেশ এখন তার ‘উল্টো পথে’ হাঁটছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

সোমবার সকালে দলের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি।

সাকি বলেন, “আমরা দেখছি, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে জবরদস্তির মাধ্যমে ক্ষমতা আঁকড়ে থাকার প্রবণতা বর্তমানে দেখা যাচ্ছে। তারা স্বৈরাচারী হয়ে সর্বব্যাপী ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে। সাংবিধানিকভাবে স্বৈরাচারী-ফ্যাসিবাদী কাঠামোই জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে।”

এই অবস্থা থেকে উত্তরণে সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনে বৃহত্তর ঐক্য সৃষ্টি করে আন্দোলন জোরদার করার কথা বলেন তিনি।

জোনায়েদ সাকির নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনের সময় ছিলেন গণসংহতির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দিন পাপ্পু, সম্পাদকমণ্ডলীর সদস্য জুলহাসনাইন বাবু, দীপক রায়, কার্যনির্বাহী পর্ষদের সদস্য মিজানুর রহমান মোল্লা।

২০০২ সালে গণসংহতি আন্দোলন যাত্রা শুরুর পর ২০১৫ সালে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে।