বিশ্বে সংকট, আর পশ্চিমাদের মাথাব্যথা বাংলাদেশ নিয়ে: কাদের
“কিছু ইনসিডেন্ট ঘটে, তবে সেটা কি তাদের দেশে ঘটে না,” প্রশ্ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের।
নির্বাচন সামনে রেখে বাংলাদেশের বিষয়ে পশ্চিমা দেশগুলোর অতি আগ্রহ নিয়ে উষ্মা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, বাংলাদেশে কিছু ঘটনা ঘটে, কিন্তু সেরকম ঘটনা কি তাদের দেশে ঘটে না?
শুক্রবার আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভায় দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তৃতা দিতে গিয়ে বিদেশিদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন কাদের।
তিনি বলেন, “বিশ্ব রাজনীতিতে গভীর সংকট চলছে। রাশিয়া-ইউক্রেইন যুদ্ধের কারণে নানা রকম মোড় নিচ্ছে বিশ্বরাজনীতি। এখন এই অবস্থায় দেখছি বিশ্বে নেতৃস্থানীয় দেশগুলোর মাথাব্যথা বাংলাদেশ।
“কিছু ইনসিডেন্ট ঘটে, তবে সেটা কি তাদের দেশে ঘটে না? আমাদের এখানে কী হবে সেটা নিয়ে তাদের আগ্রহ বেশি!"
দ্বাদশ জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসে সব পক্ষের সঙ্গে বৈঠক করে গেছে। তার মধ্যেই বাংলাদেশ ঘুরে গেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়া; তিনিও বিভিন্ন বৈঠকে নির্বাচন নিয়ে কথা বলেছেন।
বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন বাধাগ্রস্তকারীদের প্রবেশাধিকার বন্ধ করতে গত মে মাসেই ভিসা নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র সরকার। গত সপ্তাহে আরেকটি ঘটনা পশ্চিমাদের মনোযোগ আকর্ষণ করেছে, সেটি হল ঢাকা-১৭ উপ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলা।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এ নিয়ে প্রশ্ন এসেছে। বাংলাদেশে জাতিসংঘের প্রতিনিধি ওই ঘটনায় উদ্বেগ জানিয়েছেন। প্রতিক্রিয়া এসেছে ১২ দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের মিশনপ্রধানদের তরফ থেকেও, যাকে ‘ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন’ হিসেবে বর্ণনা করেছেন আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ।
উপ নির্বাচনে বনানীর একটি কেন্দ্রে হিরো আলমের ওপর হামলার প্রসঙ্গ ধরে ওবায়দুল কাদের বলেন, “বনানীর ঘটনা কে ঘটাল? আমরা কেন ঘটাব? আমরা প্রার্থীকে প্রার্থী হিসেবে দেখি। আমরা ব্যবস্থা নিচ্ছি। এই ব্যাপারটা নিয়ে তোলপাড়।
“আমি গতকাল ব্রিটিশ হাই কমিশনারকে বললাম, তুমি এই শহরে কতদিন আছ? সে বললো তিন মাস। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কতটি বিশৃঙ্খলা দেখেছ। আসলে বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।"
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সরকারপতনের ‘এক দফা’ আন্দোলন ঘোষণা দিয়েছে বিএনপি ও সমমনা দলগুলো। এর পাল্টায় আওয়ামী লীগও ‘এক দফা’ নিয়ে মাঠে আছে। তাদের ভাষ্য, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখেই আগামী নির্বাচন হবে।
সম্প্রতি বাংলাদেশ ঘুরে যাওয়া বিদেশি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে আলোচনার প্রসঙ্গ ধরে কাদের বলেন, “সবার সাথে আলোচনা করলাম, তারা কেউই বলল না যে তত্ত্বাবধায়ক সরকার দরকার, সংসদ বিলুপ্ত করতে হবে, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে।
"প্রধানমন্ত্রীকে তারা (বিএনপি) পদত্যাগ করতে বলে। তাহলে আলোচনাটা করবে কার সাথে? তখন (বিদেশিরা) আর কিছু বলেনি।"
একদফা ঘোষণার পর বিএনপি সারাদেশে ‘সহিংসতা ও হত্যাকাণ্ড শুরু করেছে বলেও মন্তব্য করেন সরকারের সেতুমন্ত্রী কাদের।
তিনি বলেন, "আমরা সংবিধান লঙ্ঘন করতে পারি না। আমাদের নির্বাচন আমরা করব, সংবিধান অনুযায়ী করব। একদফা ঘোষণা করার পর থেকে সারাদেশে সহিংসতা শুরু হয়েছে।
"কুমিল্লার লাকসাম উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি, খুলনায় সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে আজাদ শেখকে হত্যা করল বিএনপি। হত্যা হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীরা আর বিএনপি চিরাচরিতভাবে মিথ্যাচার করছে।"
দুই দিনের কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগামী ৩০ জুলাই গণভবনে তৃণমূল পর্যায়ে বৈঠক হবে। আর ২ অগাস্ট কর্মসূচি হবে রংপুরে।
