বিক্ষোভ আর মিছিলে শেষ হল বাম জোটের হরতাল
সকাল ৬টার দিকে পুরানা পল্টন মোড়ে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে শুরু হওয়া হরতালের কার্যপরিধি মূলত পল্টন ও শাহবাগ এলাকায় সীমাবদ্ধ থেকেছে।
রাজধানীতে মিছিল আর বিক্ষোভের মধ্য দিয়ে বাম গণতান্ত্রিক জোটের আধাবেলার হরতাল শেষ হয়েছে।
জ্বালানি তেল, সার, খাদ্যসহ নিত্যপণ্যের দাম, পরিবহন ভাড়া কমানোর দাবিতে এবং বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবিতে দুপুর ১২টা পর্যন্ত হরতালের এই কর্মসূচি ছিল অনেকটা ঢিলেঢালা।
বৃহস্পতিবার সকাল ৬টার দিকে পুরানা পল্টন মোড়ে বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে শুরু হওয়া হরতালের তৎপরতা মূলত পল্টন ও শাহবাগ এলাকায় সীমাবদ্ধ থেকেছে।
তবে সকাল ১১টার দিকে গুলিস্তান অভিমুখী আজমেরী গ্লোরী পরিবহনের শ্রমিকদের সঙ্গে হরতাল সমর্থকদের কথা-কাটাকাটি ও মারধরের ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়।
এর আগে সকাল পৌনে ৯টার দিকে বাংলামোটর থেকে ‘প্রগতিশীল ছাত্রসংগঠন সমূহ’ ব্যানারে একটি মিছিল শাহবাগ মোড়ে আসলে পুলিশের সঙ্গে মিছিলকারীদের বাগবিতণ্ডা হয়।
পুলিশ তখন তাদের ঠেলে, লাঠিপেটা করে কাঁটাবনের দিকে পাঠিয়ে দেয়। এ বিষয়ে রমনা বিভাগের পুলিশের উপকমিশনার মো.শহিদুল্লাহ জানান, শান্তিপূর্ণভাবে হরতাল হয়েছে।
“সকালে হরতালকারীরা শাহবাগ মোড়ে অবস্থান নিতে চাওয়ায় একটু ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।“
এ বিষয়ে রমনা বিভাগের পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ জানান, হরতাল সমর্থকরা শাহবাগ দিয়ে কয়েকবার মিছিল নিয়ে যাতায়াত করেছে।
তারা আবারও শাহবাগ মোড়ে অবস্থান নিতে চাইলে রাস্তায় গাড়ির চাপ থাকায় তাদেরকে সরিয়ে দেওয়া হয়।
এর আগে সকাল পৌনে সাতটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হরতালের সমর্থনে ২৫ থেকে ৩০ জনের একটি মিছিল শাহবাগ এলাকা দিয়ে চলে যায় আজিজ সুপার মার্কেটের দিকে।
সকাল সোয়া আটটার দিকে বাম ছাত্রসংগঠনগুলোর আরেকটি মিছিল শাহবাগ মোড় অবস্থান নেয়। এ সময় পরিবহন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে।
তবে মিনিট পাঁচেক পর অবস্থানকারীরা মিছিল করতে করতে কাঁটাবনের দিকে চলে যান। তারা কাঁটাবন মোড়ে অবস্থান নিলে যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে, তবে পুরোপুরি বন্ধ হয়নি।
হরতালতকারীরা পুরোটা সময় এই দুই মিছিল নিয়ে শাহবাগ, কাঁটাবন মোড়, নীলক্ষেত, নিউমার্কেট, বাংলামোটর, মৎসভবন, দোয়েল চত্বর তাদের কর্মসূচি পালন করে।
হরতালে শুরুতে সকালে রাজধানীর গুলিস্তান এবং পল্টন এলাকাতেও বিক্ষোভ মিছিল করে সমর্থনকারীরা। পরে পল্টন মোড়ে জোটের নেতাকর্মীরা অবস্থান নিয়ে মিছিল, স্লোগান ও গান-বাজনা করেন।
সকাল থেকে পুরানা পল্টন মোড়ে হরতালের সমর্থনে মিছিলের পাশাপাশি সীমিত আকারে পরিবহনও চলছিল। মাঝে মাঝে হরতাল সমর্থকরা গাড়ি আটকানোর চেষ্টা করলেও পুলিশ সদস্যরা এক পাশ দিয়ে গাড়ি চলাচলের সুযোগ করে দেন।
হরতাল শেষে পল্টন মোড়ে জোটের শীর্ষ নেতাদের বক্তব্যের মধ্য দিয়ে হরতালের সমাপ্তি ঘটে।
জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স হরতাল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বলেন, “আসুন আমরা আজকে এই সফল হরতালের পরে সিদ্ধান্ত নিয়ে ঘরে ফিরে যাই।
“আগামী দিনে বৃহত্তর কর্মসূচি দিব, আন্দোলন গড়ে তুলব। জিনিসপত্রের দাম কমানো না পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।”
তিনি বলেন, “আগামী দিনে বাম সংগঠন ও অন্যান্য শ্রেণি-পেশার মানুষ, যারা দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়, দ্বিদলীয় রাজনীতি, দুর্নীতির বিরুদ্ধে বিকল্প শক্তির পক্ষ আছে তাদের সঙ্গে কথা বলে অবরোধসহ ঘেরাও কর্মসূচি দিব।”
হরতাল চলাকালে রাজধানীর শাহবাগসহ দেশের কয়েক জায়গায় বাম জোটের নেতাকর্মীদের ওপর পুলিশ ও ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেছে বলে দাবি করেন প্রিন্স।
“আজকে শাহবাগে ছাত্রদের মিছিলে পুলিশ হামলা করেছে। এই ঘটনায় অনেকে আহত হয়েছে। এর মধ্যে ৩ ছাত্র নেতা এখন হাসপাতালে চিকিৎসাধীন আছে।”
অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও মরদেহ বহনকারী গাড়ি, গণমাধ্যমের গাড়ি, ওষুধের দোকান ও খাবার হোটেল হরতালের আওতার বাইরে রাখা হয়।
তবে রাজধানীর সব সড়কেই অফিসগামী যাত্রীদের স্বাভাবিক চাপ দেখা গেছে। গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়িও চলছে অন্যদিনের মত।
এ ছাড়া হরতালের কারণে পল্টন, পলাশী ও শাহবাগ মোড়ে বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
