০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

আওয়ামী লীগের সম্মেলনের দিন বিএনপির গণমিছিলে ‘দুরভিসন্ধি’ দেখছেন তথ্যমন্ত্রী

বিএনপির অফিসে ‘বোমা’ পাওয়ায় সেখানে ‘তন্ন তন্ন করে তল্লাশি’ স্বাভাবিক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী।

আওয়ামী লীগের সম্মেলনের দিন বিএনপির গণমিছিলে ‘দুরভিসন্ধি’ দেখছেন তথ্যমন্ত্রী

সচিবালয়ে তিনটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2022, 09:28 PM

Updated : 13 Dec 2022, 09:28 PM

আওয়ামী লীগের সম্মেলনের দিন বিএনপির গণমিছিলের ডাক দেওয়া ‘দুরভিসন্ধিমূলক’ বলে মনে করছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে তিনটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ বিষয়ে কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, “প্রথমত, ২৪ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলন। সে দিন আসলে এ ধরনের গণমিছিলের ডাক দেওয়া দুরভিসন্ধিমূলক।

“যুগপৎ আন্দোলন, যৌথ আন্দোলন- এগুলোর ডাক তারা বিভিন্ন সময়ে দেয়। গত ১৪ বছর ধরে বিভিন্ন সময় তারা এ সব ডাক দিয়েছে। কিন্তু তাদের ডাকে জনগণ সাড়া দেয়নি। এবারও যথারীতি তাই হবে।”

হাছান মাহমুদ বলেন, “যে বিএনপি অফিসে তাজা বোমা পাওয়া গেছে, সেই অফিস যে তন্নতন্ন করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তল্লাশি করবে এটাই স্বাভাবিক। বোমার সঙ্গে সেখানে গ্রেনেডও আছে কিনা বা জিয়াউর রহমান কিম্বা খালেদা জিয়ার ফটোর বাক্সের মধ্যে কোনো মারণাস্ত্র ঢুকিয়ে রেখেছে কি না সেটি তো আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে দেখতেই হয়।

“জিয়াউর রহমানের ছবির কাচ ভাঙা দেখিয়ে এবং সেই তল্লাশিকে বিএনপি নেতারা যেভাবে বাড়িয়ে বলছে সেটা আসলে ১০ ডিসেম্বর তাদের সমাবেশ প্রচণ্ড ‘ফ্লপ’ করার কারণে। যে হাঁকডাক দিয়ে তারা ১০ ডিসেম্বর সমাবেশের ডাক দিয়েছিল সেটার তুলনায় তারা কিছুই করতে পারেনি।”

হাছান মাহমুদ বলেন, “১০ লাখ মানুষের সমাবেশ করবে বলে বড়জোর ৫০ হাজার মানুষের সমাবেশ করেছে, তাও একটি গরুর হাটের ময়দানে। সেই কারণে মুখ রক্ষার জন্য তারা এখন নানা ধরণের অভিযোগ-অনুযোগ উপস্থাপনের চেষ্টা করছে।”

বিশ্বব্যাপী মূল্যস্ফীতির মধ্যে দেশের বিভিন্ন ব্যাংকে আমানতের ওপর সুদের হার কম হওয়ার নিয়ে যে প্রশ্ন রয়েছে, সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী বলেন, “ইউরোপের ব্যাংকগুলোতে আমানতে সুদের হার ১ শতাংশ। মূল্যস্ফীতি কোনো দেশে ১০ শতাংশ, আবার তুরস্কে ৭০ শতাংশ। তাহলে কি সেখানে ব্যাংকের সুদের হারও ১০ শতাংশ বা ২০ শতাংশ করতে হবে!”

তিনি বলেন, “মূল্যস্ফীতির সঙ্গে ব্যাংকের আমানতের সুদের হার তুলনা করে রিপোর্ট করা হলে মানুষকে বিভ্রান্ত করা হয়। আমি মনে করি এটি সমীচীন নয়।”

এ অনুষ্ঠানে সাংবাদিক মোতাহার হোসেন রচিত ‘বঙ্গবন্ধুর তিন প্রজন্মের রাজনীতি’, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যের শিক্ষকতাজীবন নিয়ে সম্পাদিত গ্রন্থ ‘অধ্যাপক মোহাম্মদ আলী স্মারক গ্রন্থ’ এবং বঙ্গীয় সাহিত্য পরিষদের সম্পাদক অধ্যাপক শক্তিসাধন মুখোপাধ্যায় রচিত ‘ডিরোজিও: জীবন ও কর্ম’- এ তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, “বই মানুষকে বাঁচিয়ে রাখে কারণ, আমরা পৃথিবী থেকে এক সময় সবাই বিদায় নেব, কে কখন বিদায় নেবে জানি না। জন্মের হয়তো সিরিয়াল আছে, কিন্তু মৃত্যুর কোনো সিরিয়াল নাই। কিন্তু বই যারা লেখেন তারা যুগ যুগ ধরে বেঁচে থাকেন।”

প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া, লেখক মোতাহার হোসেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা মোড়ক উন্মোচনে অংশ নেন।