২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসও অভিনন্দন জানিয়েছেন, এখন কাকে নিয়ে খেলবেন: কাদের

বিএনপিকে কাদের বলেন, “পাঁচ বছর পর আবার ১০ ডিসেম্বর, আবার ২৮ অক্টোবরের অপেক্ষা করুন।”

হাসও অভিনন্দন জানিয়েছেন, এখন কাকে নিয়ে খেলবেন: কাদের

আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের যৌথসভায় ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2024, 08:54 PM

Updated : 17 Jan 2024, 09:21 PM

বিএনপিকে ‘রোজ কেয়ামত পর্যন্ত’ অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার বিকালে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের যৌথসভা বক্তব্য রাখছিলেন তিনি।

আওয়ামী লীগ নেতা বলেন, “যাকে নিয়ে আপনারা (বিএনপি) আমাদের কত রঙ দেখালেন, কত জাদুই বা দেখালেন, সেই মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সাহেব, তিনি (সরকারকে) অভিনন্দন জানিয়েছেন। এখন কাকে নিয়ে খেলবেন? কাকে নিয়ে ‘এটা করবেন, ওটা করবেন?’

“এখন স্বপ্ন দেখছেন কখন ‘বিশাল নিষেধাজ্ঞা’… কখন ভিসা নীতি প্রয়োগ হবে, কখন নিষেধাজ্ঞা আসবে। রোজ কেয়ামত পর্যন্ত অপেক্ষা করুন, ধৈর্য ধরুন।”

বিএনপিকে কর্মসূচির দিকে না যাওয়ার পরামর্শও উঠে আসে কাদেরের বক্তব্যে। তিনি বলেন, “পাঁচ বছরের মধ্যে আর উল্টোপাল্টা বলে কোনো লাভ নেই। অপেক্ষা করতে হবে। পাঁচ বছর পর আবার ১০ ডিসেম্বর, আবার ২৮ অক্টোবরের অপেক্ষা করুন। নির্বাচনের ট্রেন বন্ধ হয়ে গেছে, পাঁচ বছর পর আবার চালু হবে।”

দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে পশ্চিমাদের বক্তব্য ও অবস্থান এবার বিএনপি ও তার সমর্থকদের বেশ ‘উদ্দীপ্ত’ করেছিল।

সব দলের অংশগ্রহণে নির্বাচন চেয়েছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশটি। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভিসা নীতিও ঘোষণা করে তারা। জানানো হয়, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে যারা বাধা হয়ে দাঁড়াবে, তারা ও তাদের স্বজনরা যুক্তরাষ্ট্রের ভিসা পাবে না।

তফসিল ঘোষণার দুই দিন আগে সমঝোতার ‘শেষ চেষ্টা’ চালায় যুক্তরাষ্ট্র। আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডনাল্ড লুর চিঠি আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির কাছে পৌঁছে দেয় ঢাকায় দেশটির দূতাবাস। এর মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের কাছে নিজে চিঠি নিয়ে যান পিটার হাস।

তবে আওয়ামী লীগ ও বিএনপি আলোচনায় বসতে রাজি হয়নি। টানা হরতাল ও অবরোধের মধ্যেও ভোট হয় একতরফা। বিএনপি-জামায়াতের বর্জনের এই নির্বাচনে ৭০টির মতো আসনে নৌকার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেন আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থীরা। তাদের মধ্যে জিতেও আসেন ৫৯ জন।

সব মিলিয়ে এবার স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছে রেকর্ড ৬২ আসনে। বাকিগুলোর মধ্যে ছাড় দেওয়া ১১ আসনে জয় পেয়েছে জাতীয় পার্টি। দুটি পেয়েছে আওয়ামী লীগের শরিক জাসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। একটি পেয়েছে বিএনপির সঙ্গ ছেড়ে আসা বাংলাদেশ কল্যাণ পার্টি, তবে সেই আসনে দলটির চেয়ারম্যান সৈয়দ মুহম্মদ ইবরাহিমের পাশে ছিল আওয়ামী লীগ।

যুক্তরাষ্ট্রের মূল্যায়নে, ‘নির্বাচন সুষ্ঠু হয়নি।’ তবে ১১ জানুয়ারি বঙ্গভবনে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে হাজির ছিলেন দেশটির রাষ্ট্রদূত পিটার হাস। শপথ অনুষ্ঠান শেষে নতুন সরকারকে অভিনন্দনও জানান তিনি।

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর মঙ্গলবার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও পরদিন পররাষ্ট্র মন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে দেখা করে সম্পর্ক উন্নয়নের কথা বলেছেন যুক্তরাষ্ট্রের দূত।

ওবায়দুল কাদের বলেন, “এটা কি পাতানো নির্বাচন ছিল? পৃথিবীর নামিদামি গণতান্ত্রিক দেশগুলো ‘বাংলাদেশের এ নির্বাচন মোটামুটি সুষ্ঠু হয়েছে’- এ কথা বলে প্রশংসা করে কেন?

“আমাদের আশেপাশে কেউ বাকি নেই। পাকিস্তানের হাইকমিশন পর্যন্ত আমাদের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে।”

‘নির্বাচন পাতানো ছিল না’

‘পাতানো প্রতিদ্বন্দ্বিতা’র নির্বাচন বলে মূল্যায়ন করা টিআইবির বক্তব্যেরও জবাব দেন কাদের। তিনি বলেন, “নির্বাচন পাতানো ছিল না। নামিদামি দেশ পর্যবেক্ষণ করেছে। নির্বাচনের পর বিভিন্ন দেশ অভিনন্দন জানালো কেন?

“প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়েছে। বিরোধী দল নির্বাচন বয়কট করায় নতুন রণকৌশল নিতে হয়েছে। জনগণের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে রণকৌশল নিতে হয়েছে, যার সোনালি ফসল ঘরে তুলেছি। দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে।”

আওয়ামী লীগকে বিএনপির নির্বাচন শেখাতে হবে না মন্তব্য করে তিনি বলেন, “দেশে ভালো নির্বাচন করেছেন শেখ হাসিনা। নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করেছে, সরকারি দলের প্রার্থীকেও শোকজ করেছে। গণতন্ত্রের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন শেখ হাসিনা।”

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মোস্তফা জালাল মহিউদ্দিন, কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দীপু মনি, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দীসহ কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।