২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

আইপিএল ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে ‘ডিসেম্বরের আগে জানাবেন’ ধোনি

চেন্নাই সুপার কিংসের সাবেক অধিনায়ক বলেছেন, নিজের শারীরিক অবস্থা যাচাই করেই সিদ্ধান্ত নেবেন তিনি।

আইপিএল ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে ‘ডিসেম্বরের আগে জানাবেন’ ধোনি

মাহেন্দ্র সিং ধোনি। ছবি: আইপিএল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Oct 2026, 06:35 PM

Updated : 25 Oct 2026, 06:35 PM

চোটের কারণে আইপিএলের গত মৌসুমে কোনো ম্যাচ খেলতে না পারা মাহেন্দ্র সিং ধোনি পরের আসরে খেলবেন কিনা, উঠছে এমন প্রশ্ন। তবে এখনই ক্যারিয়ারের ইতি টানছেন না চেন্নাই সুপার কিংসের সাবেক অধিনায়ক। আগামী নভেম্বরের মধ‍্যে ভবিষ্যৎ নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানাবেন এই কিপার-ব্যাটসম্যান।

অনেক আগেই আন্তর্জাতিক ক্রিকেটের পাঠ চুকিয়ে ফেলা ধোনিকে এখন দেখা যায় কেবল আইপিএলে। কিন্তু পায়ের সমস্যায় গত আসরে মাঠে নামার সুযোগই হয়নি তার। আগামী মৌসুমে চেন্নাইয়ের হয়ে আবারও খেলতে চান ৪৫ বছর বয়সি এই ক্রিকেটার।

তবে ইচ্ছা থাকলেই যে সবসময় সেটা পূরণ হবে, তা তো নয়। বিষয়টি ভালো করেই বোঝেন চেন্নাইকে পাঁচটি আইপিএল শিরোপা জেতানো অধিনায়ক ধোনি। তাই বললেন, আগামী আইপিএলে খেলবেন কিনা সেটা নির্ভর করছে তার ফিটনেসের উপর।

বেঙ্গালুরুতে স্বাস্থ্যবিষয়ক একটি অনুষ্ঠানে শনিবার নিজের আইপিএল ক্যারিয়ারের ভবিষ্যত নিয়ে কথা বলতে গিয়ে এমনটা বলেন ভারতের সফলতম অধিনায়ক।

“আপনারা ডিসেম্বরের আগেই জানবেন। আমাকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। আপনাদেরকেই (চিকিৎসক) রিপোর্ট দিতে হবে। এরপর ডিসেম্বরের মধ্যে দেখতে হবে আরও এক মৌসুম খেলার মতো যথেষ্ট ফিট আছি কিনা।”

২০২৪ সালে চেন্নাইয়ের অধিনায়কত্ব ছাড়েন ধোনি। এরপর আর প্লে অফে খেলতে পারেনি টুর্নামেন্টে সবচেয়ে বেশি শিরোপা জেতা দুই দলের একটি চেন্নাই। গত তিন বছর অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে পঞ্চম, দশম ও অষ্টম হয়ে আসর শেষ করে তারা।

চেন্নাই ম্যানেজমেন্ট অবশ্য আরও আগেই বলেছে, ধোনির ভবিষ্যত নিয়ে তারা কোনো সিদ্ধান্ত নেবেন না। ব্যাপারটি পুরোপুরি নির্ভর করছে এই ক্রিকেটারের উপর।

আগামী মৌসুমের আগে পালাবদলের মধ্যে দিয়ে যাচ্ছে চেন্নাই। লম্বা সময় দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করা স্টিভেন ফ্লেমিংয়ের দায়িত্ব ছেড়েছেন। তার উত্তরসূরি হিসেবে ভারতের সাবেক পেসার জাহির খানকে নিয়োগ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।