২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আসন নিয়ে ফখরুলের বক্তব্য ‘পাগলের প্রলাপ’: কাদের

বিএনপি নেতারা ২০০৮ সালের ‘দুঃস্বপ্নের ট্রমা’ আজও কাটিয়ে উঠতে পারেননি, বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

আসন নিয়ে ফখরুলের বক্তব্য ‘পাগলের প্রলাপ’: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2023, 09:05 PM

Updated : 11 Jun 2023, 09:05 PM

সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ১০ শতাংশ ভোট পাবে বলে বিএনপির পক্ষ থেকে আসা বক্তব্যকে ‘পাগলের প্রলাপ’ বলেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

দেশের জনগণ শেখ হাসিনার ভিশনারি নেতৃত্বের প্রতি ‘ইস্পাত দৃঢ় সমর্থন’ করে চলেছে বলে দাবি করা হয়েছে দলটির পক্ষ থেকে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রোববার এক বিবৃতিতে বলেন, “২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ১০ ভাগের বেশি আসন পায়নি। বিএনপি নেতারা সেই দুঃস্বপ্নের ট্রমা আজও কাটিয়ে উঠতে পারেনি। তাই তারা জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের আসন প্রাপ্তি নিয়ে পাগলের প্রলাপ।”

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট হলে আওয়ামী লীগ কত ভোট পাবে, তা নিয়ে গত দুই দিন ধরে বলে আসছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার ঢাকায় এক আলোচনায় তিনি বলেন, সুষঠু নির্বাচন হলে ১০ ভাগের বেশি ভোট আওয়ামী লীগ পাবে না। রোববার গাজীপুরে আরেক সভায় বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগের ১০টি আসন পাওয়ারও নিশ্চয়তা নেই।

পুরনো খবর:

সুষ্ঠু নির্বাচনে আওয়ামী লীগের ভোট ১০%: ফখরুল

বিএনপির নির্দলীয় সরকারের দাবি আবার প্রত্যাখ্যান করে ওবায়দুল কাদের বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে মহামান্য আদালত অনেক আগেই ফয়সালা করে দিয়েছে। বিএনপি নেতৃবৃন্দ যতই আহাজারি করুক ‘মৃত’ এ সত্তার জীবিত রূপ আর ফিরে আসবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এদেশের গণতান্ত্রিক মূল্যবোধের পাহারাদার অগণতান্ত্রিক কোনো ব্যবস্থা হবে না।”

বিবৃতিতে আরও বলা হয়, “বিএনপি বিভিন্ন প্যাডসর্বস্ব রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে ঐক্য গড়ার চেষ্টা করছে। তাদের ঐক্যের রূপ কী হয়, তা আমরা বিগত দিনে দেখেছি! ‘জগাখিচুড়ি মার্কা’ ঐক্য নিয়ে ২০১৮ সালে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছিল, কিন্তু জনগণ তাদের উপর আস্থা রাখেনি।”

মির্জা ফখরুলের সমালোচনা করে কাদের বলেন, “প্রহসন ও প্রতারণা বিএনপির অপরাজনীতির নীতি। তারা জনগণের সঙ্গে প্রতারণা করতে করতে নিজেরাই প্রতারণার গোলকধাঁধায় দিশেহারা।

“কপটতা, শঠতা ও প্রতারণাপূর্ণ রাজনৈতিক কৌশলের জন্য জনগণ তাদের উপর আস্থা হারিয়েছে। গণতন্ত্র, সংবিধান ও মানুষের ভোটাধিকার নিয়ে বারবার ছিনিমিনি খেলায় জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে।”

আওয়ামী লীগ কখনও জনগণের সঙ্গে প্রতারণা করেনি দাবি করে তিনি বলেন, “জনগণের কাছে আওয়ামী লীগ যখন যে ওয়াদা করেছে, তা বাস্তবায়ন করেছে। এ কারণে দেশের জনগণও বারবার আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে।”