২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বিদেশিরা জানুক, অপপ্রচার চালানোই বিএনপির কাজ: ওয়াশিংটনে প্রধানমন্ত্রী

নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনে অংশ নেওয়ার পর ওয়াশিংটন ডিসিতে রয়েছেন প্রধানমন্ত্রী।

বিদেশিরা জানুক, অপপ্রচার চালানোই বিএনপির কাজ: ওয়াশিংটনে প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2022, 06:51 PM

Updated : 30 Sep 2022, 06:51 PM

বাংলাদেশের উন্নয়নের পাশাপাশি বিএনপির ‘অনিয়ম দুর্নীতি ও নৃশংসতার চিত্র’ বহির্বিশ্বে তুলে ধরতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

বৈঠকে সরকারপ্রধান বলেন, “বিদেশিরা জানুক, দেশের বিরুদ্ধে বিদেশে অপপ্রচার চালানো বিএনপির এখন প্রধান কাজ।”

প্রধানমন্ত্রীর ওই সভার পর তার উপ প্রেস সচিব কেএম শাখাওয়াত মুন সাংবাদিকদের ব্রিফ করেন বলে বাসস জানিয়েছে।

ব্রিফিংয়ে শেখ হাসিনার বক্তব্য তুলে ধরে মুন বলেন, “আওয়ামী লীগ দেশে নির্বাচনের নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করেছে। এর ফলে জনগণ এখন স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে।

“অপরদিকে বিএনপি ভুয়া ভোটার তালিকা তৈরি করে এবং ভোটের দিন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে জনগণের ভোটাধিকার ছিনিয়ে নেওয়াসহ বিভিন্ন উপায়ে নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করে ফেলেছিল।”

বিএনপি গত সংসদ নির্বাচনে ৩০০ আসনের বিপরীতে ৭০০ জনকে মনোনয়ন দিয়েছিল এবং আসন বাণিজ্যের কারণে তারা ভোট পায়নি বলে সভায় মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, “আমরা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একত্রে কাজ করে যাচ্ছি।”

বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টিতে আওয়ামী লীগ সরকারের পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। মাতৃভূমিতে বড় ধরনের বিনিয়োগ করতে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান।

নিউ ইর্য়কে জাতিসংঘের ৭৭তম অধিবেশন ও উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে বর্তমানে ওয়াশিংটন ডিসিতে রয়েছেন শেখ হাসিনা।

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া ও জাতিসংঘের অধিবেশন উপলক্ষে ১৫ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করেন তিনি। রানির শেষকৃত্য শেষে সেখান থেকে নিউ ইয়র্ক যান। আগামী ৪ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।