একজন বিরল ব্যক্তিত্বকে হারালাম: ফখরুল
রোববার সকালে গুলশানের ইউনাইটেড হাসপাতালে মারা যান গীতিকার, চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার।
কিংবদন্তি গীতিকার, চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।
রোববার সকালে গুলশানে ইউনাইটেড হাসপাতালে তিনি সাংবাদিকদের বলেন, “আমি কিছুটা আবেগ আপ্লুত। তার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ট।
“তিনি চলে গেছেন, আমি ঠিক মেনে নিতে পারছি না। আমরা একজন বিরল ব্যক্তিত্ব অসাধারণ মেধাবী মানুষকে হারালাম।”
ফখরুল বলেন, “তিনি বাংলাদেশের একজন কিংবদন্তি, শুধু গীতিকার বললে ভুল বলা হবে। একজন সৃজনশীল শিল্পী, যার কলমে এদেশে সৃষ্টি হয়েছে অসংখ্য অসাধারণ গান, কবিতা।
“পরম করুণাময় আল্লাহর কাছে এই দোয়া করি, আল্লাহ যেন তাকে বেহশত নসিব করেন এবং তার পরিবারবর্গ ও তার অসংখ্য গুনগ্রাহী মানুষকে যেন শোক সহ্য করার শক্তি দেন।”
রাজধানীর বারিধারার বাসা থেকে রোববার সকাল সাড়ে ৬টায় গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া পর গাজী মাজহারুল আনোয়ারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার বয়স হয়েছিল ৭৯।
গাজী মাজহারুল আনোয়ার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ছিলেন। বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসেরও উপদেষ্টা ছিলেন তিনি।
তার মৃত্যু সংবাদ পেয়ে উত্তরার বাসা থেকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ছুটে যান বিএনপি মহাসচিব। তিনি মাজহারুল আনোয়ারের পরিবারকে সান্ত্বনা দেন।
সে সময় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, জাসাসের সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন ও বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
‘জয় বাংলা বাংলার জয়’, ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়’, ‘একতারা তুই দেশের কথা বলরে এবার বল’, ‘গানেরই খাতায় স্বরলিপি লিখে’, ‘আকাশের হাতে আছে একরাশ নীল’- এর মত অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা মাজহারুল আনোয়ার।
তার গান মুক্তিযুদ্ধে অনুপ্রেরণা যুগিয়েছে মন্তব্য করে ফখরুল বলেন, “১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে তার গান ছিল আমাদের কাছে সবচেয়ে অনুপ্রেরণা এবং পরবর্তী সময়গুলোতে তিনি হাজার হাজার গান লিখেছেন।
“আমরা জানি, বিবিসির যে রেকর্ড, সেই রেকর্ডেও তিনি হচ্ছেন, সেই মহান শিল্পী, সেই মহান লেখক, গীতিকার। তিনি সবচেয়ে বেশি গান বাংলা ভাষায় লিখেছেন।”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বারিধারার বাসায় গিয়ে মাজহারুল আনোয়ারের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সান্ত্বনা দেন।
এই শিল্পীকে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক মামুন আহমেদ।
মাজহারুল আনোয়ারের মরদেহ গুলশানের ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। স্ত্রী জোহরা গাজী, ছেলে সারফরাজ আনোয়ার এবং মেয়ে দিঠি আনোয়ারকে রেখে গেছেন তিনি।
কণ্ঠশিল্পী দিঠি আনোয়ার আছেন যুক্তরাষ্ট্রে। রোববার বিকালে দুবাই হয়ে তিনি দেশে ফিরবেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
আরও খবর
