ঈদের দিন জিয়ার কবর জিয়ারত, খালেদার সাথে সাক্ষাতের কর্মসূচি বিএনপির
২০১৮ সালে খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে ঈদের দিন বিএনপি মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করে আসছেন।
ঈদের দিন বিএনপি নেতারা তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এছাড়া চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা।
এ দুই কর্মসূচি ছাড়া ঈদের তিন দিনের ছুটিতে কোনো রাজনৈতিক কর্মসূচি রাখেনি সরকারবিরোধী আন্দোলনে মাঠে থাকা দলটি, যারা রোজার মাসেও দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি করেছে।
দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের দিন সকাল ১১টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা ঢাকার শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন এবং ফুল দেবেন।
আগে প্রতি ঈদে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার স্বামী জিয়াউর রহমানের কবর জিয়ারত করতেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতি মামলার রায়ে খালেদা কারাগারে যাওয়ার পর থেকে দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা এ ধারাবাহিকতা অনুসরণ করছেন।
সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে খালেদা জিয়ার মুক্ত আছেন। বছরের দুটি ঈদে স্থায়ী কমিটির সদস্যরা তাদের নেত্রীর সঙ্গে দেখা করেন। এবারও ঈদের দিন সন্ধ্যা ৭টায় তারা খালেদা জিয়ার গুলশানের বাসায় গিয়ে শুভেচ্ছা বিনিময় করবেন।
বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় শুক্রবার মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে চাঁদ দেখা যায়। বাংলাদেশে ঈদ কবে হবে, সেই সিদ্ধান্ত নিতে শুক্রবার জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসছে।
এদিকে ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বার্তায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
