২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

২০ দলীয় জোটের দুই শরিকের সঙ্গে বিএনপির সংলাপ

সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে গত ২৪ মে থেকে সংলাপ শুরু করে বিএনপি।

২০ দলীয় জোটের দুই শরিকের সঙ্গে বিএনপির সংলাপ

রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জোটের শরিক জাতীয় দল ও বাংলাদেশ পিপলস লীগের সঙ্গে সংলাপ করে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2022, 10:55 PM

Updated : 31 Jul 2022, 10:55 PM

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সরকারের বিরুদ্ধে ‘বৃহত্তর’ প্ল্যাটফর্মে আন্দোলন গড়তে ২০ দলীয় জোটের দুই শরিক- বাংলাদেশ পিপলস লীগ ও জাতীয় দলের সঙ্গে সংলাপ করেছে বিএনপি।

রোববার বিকালে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সংলাপে পিপলস লীগের সভাপতি গরীবে নেওয়াজ ও মহাসচিব সৈয়দ মাহবুব মোর্শেদ এবং জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা ও মহাসচিব রফিকুল ইসলাম নিজ নিজ দলের নেতৃত্ব দেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংলাপে দলের নেতৃত্ব দেন। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দুই সংলাপে উপস্থিত ছিলেন।

সংলাপ শেষে ফখরুল অভিযোগ করে বলেন, “এই ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী সরকারের পতনের লক্ষ্যে সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করার যে উদ্যোগ নিয়েছি তার অংশ হিসেবে আমরা আজকে তিনটি দলের সঙ্গে আলোচনা করেছি। আমরা এই সরকার সরিয়ে একটি নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে বৃহত্তর ঐক্যের মধ্যে দিয়ে আন্দোলন গড়ে তুলতে একমত হয়েছি।”

গত ২৪ মে থেকে সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে বিএনপি।

এ নিয়ে ২০ দলীয় জোটের ১২টি শরিক দলের সঙ্গে সংলাপ হয়েছে।

দলগুলো হল - ইসলামী ঐক্যজোট, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, ইসলামিক পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), লেবার পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী), মুসলিম লীগ, জমিয়তে উলামায়ে ইসলাম, সাম্যবাদী দল, ডেমোক্রেটিক লীগ (ডিএল), বাংলাদেশ পিপলস লীগ ও জাতীয় দল।

জোটের বাইরে জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি, নাগরিক ঐক্য, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলনের সঙ্গেও সংলাপ করেছে বিএনপি।