মতিঝিলের রাস্তা কেন বিএনপির এত পছন্দ, প্রশ্ন হাছান মাহমুদের
“মতিঝিলের রাস্তা যেখানে অনেক ব্যাংক, বীমা, ব্যবসা প্রতিষ্ঠান আছে… এটার পেছনেও গভীর ষড়যন্ত্র, দুরভিসন্ধি আছে,” বলছেন এই আওয়ামী লীগ নেতা।
সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের অনুমতি দেওয়ার পরও বিএনপি কেন বার বার রাস্তায় তাদের ১০ ডিসেম্বরের জনসভা করতে চায়, সেই প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।
মঙ্গলবার সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেছেন, “আমাদের সরকার দেশে কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেবে না। আমাদের নেতাকর্মীদেরও কর্তব্য আছে। ১০ ডিসেম্বর কেউ বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালালে আমাদের নেতাকর্মীরা দেশের মানুষকে সাথে নিয়ে তাদেরকে প্রতিহত করবে।”
বিএনপি তাদের ১০ ডিসেম্বরের সমাবেশ করতে চায় নয়া পল্টনে, কিন্তু সরকার বলছে সোহরাওয়ার্দী উদ্যানে করতে।
এ নিয়ে টানাপড়েনের মধ্যে বিএনপির পক্ষ থেকে রোববার জানানো হয়েছিল, ‘গ্রহণযোগ্য বিকল্প’ পেলে তারা তা বিবেচনা করতে পারে। মঙ্গলবার তারা বিকল্প হিসেবে মতিঝিলের আইডিয়াল স্কুলের সামনের সড়কটি চাইলেও তাতে সায় দেয়নি পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কোনোভাবেই তারা রাস্তায় বা আবাসিক এলাকায় সমাবেশের অনুমতি দেবে না।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, “সাংবাদিকরা এবং শহরের সাধারণ নাগরিকরা রাস্তায় জনসভার বিরুদ্ধে। কারণ এতে মানুষের ভোগান্তি হয়। সমাবেশের জন্য মাঠের বিকল্প হিসেবে বিএনপি আরেকটা মাঠের কথা বলতে পারে। সোহরাওয়ার্দীতে না চাইলে তারা বাণিজ্য মেলার মাঠ বা আরো বড় বিশ্ব ইজতেমার মাঠ যেখানে ২০ লাখ মানুষ ধরে, না হলে কামরাঙ্গীরচরের মাঠেও যেতে পারে।
“তারা সেটা বলে না, বলে এই রাস্তা না হয় ওই রাস্তা। মতিঝিলের রাস্তা যেখানে অনেক ব্যাংক, বীমা, ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেটি কেন তাদের এত পছন্দ? এটার পেছনেও গভীর ষড়যন্ত্র, দুরভিসন্ধি আছে। প্রকৃতপক্ষে তারা কোনো জনসভা করতে চায় না, এটাকে ইস্যু বানাতে চায় এবং দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টায় তারা আছে।"
সরকার সারাদেশে যখন বিএনপির সমাবেশে নিরাপত্তা দিয়েছে, ‘সোহরাওয়ার্দী উদ্যানেও দেবে’ মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, "পুলিশের সাথে আলোচনাকালে বিএনপি সোহরাওয়ার্দী উদ্যান চেয়েছিল, বরাদ্দও হয়েছে। কিন্তু তারা এখন রাস্তার বদলে রাস্তায় চেয়ে বেড়াচ্ছে।
“যে ময়দান থেকে জাতির পিতা বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছেন, যে ময়দানে পাকিস্তানিরা আত্মসমর্পণ করেছিল, যেখানে তারাও অতীতে অনেক জনসভা করেছে, আমরা তো নিয়মিতভাবেই করি, সেখানে তাদের যেতে এত অস্বীকৃতি, অনীহা কেন? তারা শুধু রাস্তায় জনসভা করতে চায়, গাড়ি-ঘোড়া ভাঙচুর করতে চায়, জনজীবনে বিপত্তি ঘটাতে চায়।"
বিএনপি নেতা ইশরাক হোসেন ও রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে এক প্রশ্নে আওয়ামী লীগ নেতা হাছান বলেন, “আগুনসন্ত্রাসীরা তো বিএনপির নেতাকর্মী। আগুনসন্ত্রাস করার জন্য বিএনপির নেতারাই নির্দেশ এবং অর্থ দিয়েছিল। সেসবের অডিও রেকর্ডও আমাদের কাছে আছে।
“বিএনপি নেতাদের হাতে আগুন এবং মানুষের রক্ত লেগে আছে। আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছে, এখন পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে “
আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “টেলিভিশনে যারা বড় গলায় কথা বলছে, তাদের হাতে মানুষের রক্ত এবং আগুন। তাদের বিরুদ্ধে মামলা আছে এবং যাদের জামিন আদালত বাতিল করেছে, তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে। এখানে সরকারের কোনো হাত নেই।
“তবে জনগণ মনে করে, শুধু আগুনসন্ত্রাসীদের বিরুদ্ধেই নয়, আগুনসন্ত্রাসের হোতাদের, অর্থাৎ তাদেরকে যারা নির্দেশ দিয়েছে, পরিচালনা করেছে এবং অর্থ দিয়েছে, তাদের গ্রেপ্তার করা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার।”
