মন্ত্রীদের দুর্বলতা থাকতে পারে, মন্ত্রিসভা দুর্বল নয়: কাদের
ওবায়দুল কাদের বলছেন, যেটুকু দুর্বলতা আছে, সেটা প্রধানমন্ত্রী ‘কাভার করছেন’, কোনো কাজ ঠেকে থাকছে না।
‘তৃণমূল থেকে উঠে আসার কারণে’ কিছু কিছু মন্ত্রীর দুর্বলতা থাকলেও আওয়ামী লীগের মন্ত্রিসভা ‘দুর্বল নয়’ বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মন্ত্রিসভার কোনো কেনো সদস্যের বেফাঁস মন্তব্য নিয়ে সমালোচনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, “আমাদের মন্ত্রিসভায় যারা আছেন, তাদের অনেকই তৃণমূল থেকে এসেছে। বিভ্রান্তি থাকতে পারে বা দুর্বলতা থাকতে পারে কিন্তু মন্ত্রিসভা দুর্বল নয়।
“কিছু কিছু দুর্বলতা আছে, মন্ত্রিসভা দুর্বল না। যেটুকু দুর্বলতা আছে, এটা কিন্তু প্রধানমন্ত্রী কাভার করছেন। কাজেই আমাদের কোনো কাজ ঠেকে থাকছে না।”
বুধবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সংলাপে কথা বলছিলেন ওবায়দুল কাদের। বেফাঁস মন্তব্য করে আলোচনায় থাকা পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে কি না, সেই প্রশ্ন তার সামনে রাখেন সাংবাদিকরা।
উত্তরে সেতুমন্ত্রী বলেন, “আমার মনে হয় নিশ্চয় মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টা দেখেন, তার এখতিয়ার, তিনি ভাবছেন। আপনারাও লেখালেখি করছেন। এগুলো তার দৃষ্টি এড়াচ্ছে বলে আমার মনে হয় না। খোঁজ খবর তিনি নিচ্ছেন।
“দেশের স্বার্থে দলের স্বার্থে বাস্তবতার নিরিখে যা করতে হয়, তিনি বিচার বিশ্লেষণ করবেন, এটা তারই এখতিয়ার।”
ওবায়দুল কাদের অনুষ্ঠানে বলেন, আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন, তারা ‘সময় মতই’ সম্মেলন করবেন।
পরে প্রশ্নোত্তরে তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে তিনি থাকবেন কি না, সেটা সম্মেলনের সময় দলের সভাপতিই ঠিক করবেন।
“এখন আমার বয়সটা খুব বেশি হয়ে গেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থাকতে হবে এমন তো কোন কথা নেই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতির ব্যাপারে নেত্রী হচ্ছেন আমাদের পার্টির ঐক্যের প্রতীক।
“আর সাধারণ সম্পাদক হিসাবে যে কর্মীদের সঙ্গে যোগাযোগের সেতু হিসেবে যারা কাজ করে, তাদের দক্ষতা বিচার বিশ্লেষণ করে এই পদে নেত্রী চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। সেটা এবারের ব্যাপারেও বলতে পারি। তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত।”
অনেক চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি রাজনীতিতে কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করতে হয়েছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “আমার জীবন সংগ্রাম কঠিনই ছিল। রাজনীতি করেই এখানে এসেছি। আমি স্রোতের বিপরীতেই জীবনের সব চ্যালেঞ্জ অতিক্রম করে এসেছি।
“সেই হিসেবে আমি খুব ভাগ্যবান, এই এদেশে বহু রাজনৈতিক ব্যক্তি রাজনীতি করে জীবনটা কাটিয়েছেন, মন্ত্রী হতে পারেনি, আমি ১৯৯৬ সাল থেকে ২০০১ মন্ত্রী ছিলাম। পরে ২০১১ থেকে এখন পর্যন্ত মন্ত্রী আছি। আমি নিজেকে ভাগ্যবান মনে করছি।“
সরকারি চাকরিজীবীদের মত রাজনীতিবিদদেরও অবসরের বয়স সীমা থাকা উচিত কি না- সেই প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “সরকারিভাবে একজন মন্ত্রীর তো কোনো বয়স নেই, মুহিত সাহেব অর্থমন্ত্রী ছিলেন, ফাইনালি ৮০ বছর পার হওয়া পর্যন্ত ছিলেন। রাজনৈতিক দলের নেতা হিসেবে এতদিন মন্ত্রী ছিলেন।
“রাজনীতির কোনো সময়সীমা থাকা উচিৎ নয়। যতক্ষণ আপনি সক্ষম থাকবেন, এটা আপনার নিজের উপর। যার যার নিজের উপর নির্ভর করবে।
“সে যদি মনে করে আমি ছেড়ে দিচ্ছি, অবসরে যাচ্ছি, এমন অভিমত প্রকাশ করে এবং আমাদের দল যদি মনে করে হ্যাঁ, যদি অবসরে যায় অসুবিধা নেই। অথবা তাকে ভিন্ন দায়িত্ব রাখা হয়। যেমন উপদেষ্টা, উপদেষ্টাদের তো এমন কোনো কাজ নেই। এটা সম্মানজনক পদ, এটা তাকে দেওয়া হয়।”
”একজন রাজনৈতিক নেতা সারাজীবন পলিটিকস করে জীবনটাকে শেষ করে দিয়েছে। শেষ বয়সে এসে পলিটিকস যদি করার সুযোগ না থাকে, তাহলে তো মরার আগেই মরে যেতে হবে। করতে থাকুক যে যতক্ষণ পারুক করুক।”
