পররাষ্ট্রমন্ত্রীও তো মানুষ: ওবায়দুল কাদের
ওবায়দুল কাদেরের ভাষায়, মোমেনের মন্ত্রিত্ব থাকবে কিনা, সেটা বলতে পারেন কেবল প্রধানমন্ত্রী।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বেফাঁস মন্তব্য করে তোপের মুখে থাকা পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের মন্ত্রিত্ব থাকবে কিনা, সে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবলই প্রধানমন্ত্রীর।
আর প্রধানমন্ত্রীর ভারত সফর থেকে মোমেনের বাদ পড়ার পেছনে ওই মন্তব্য মূল কারণ নাও হতে পারে বলে ক্ষমতাসীন দলের এই জ্যেষ্ঠ নেতার ভাষ্য।
বুধবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সংলাপে এক প্রশ্নের উত্তরে কাদের বলেন, “পররাষ্ট্রমন্ত্রী সব সময় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন এমন কোনো কথা নেই। নরেন্দ্র মোদী এসেছেন, তখন কি (তাদের) পররাষ্ট্রমন্ত্রী সাথে ছিলেন? পররাষ্ট্রমন্ত্রীও তো মানুষ, একজন মানুষ অসুস্থও হতে পারেন।”
প্রধানমন্ত্রীর এবারের ভারত সফরে আকস্মিকভাবেই বাদ পড়েন পররাষ্ট্রমন্ত্রী মোমেন। অথচ প্রধানমন্ত্রী যাওয়ার আগের দিন তিনি সফর নিয়ে সংবাদ সম্মেলন করেছিলেন।
ভারতে সাম্প্রতিক এক সফরে মোমেনের বক্তব্য নিয়ে দেশে সমালোচনা উঠেছিল। সেটাই তার সফরে বাদ পড়ার কারণ বলে আলোচনা রয়েছে।
সরকারকে ক্ষমতায় ‘টিকিয়ে’ রাখতে ভারতকে অনুরোধ করা নিয়ে ওই বক্তব্যের কারণে মোমেনের বিরুদ্ধে শপথ ভঙ্গ এবং সংবিধান লঙ্ঘনের অভিযোগ এনে একটি রিট আবেদনও হয়েছে।
তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, মোমেন অসুস্থ। উচ্চ রক্তচাপ, ভার্টিগোসহ শারীরিক কিছু সমস্যার কারণে মঙ্গলবার সন্ধ্যায় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালেও গিয়েছিলেন।
বেফাঁস মন্তব্যের কারণে মোমেনকে সরিয়ে দেওয়া হচ্ছে কিন না- সেই প্রশ্ন বিএসআরএফের সংলাপে ওবায়দুল কাদেরের সামনে রেখেছিলেন সাংবাদিকরা।
উত্তরে তিনি বলেন, “তার বাসা থেকে শুনেছি তিনি কিছুটা অসুস্থ। এটা হতেই পারে। এখন এজন্য তার কোনো পরিবর্তন… কিছু দিন আগে তার হয়ত একটা স্লিপ হয়েছে, কথাবার্তা বলায়, সেটার জন্য তার মন্ত্রিত্ব চলে যাবে কিনা- এ এখতিয়ার তো আমার নেই।
“এ এখতিয়ার প্রধানমন্ত্রীর, তিনি চাইলে বাদ দিতে পারেন। এ বিষয়ে অন্য কারো কিছু বলার নেই, বললে সেটা হবে অতি কথন।”
